গোবিপ্রবি প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তর্জাতিক ভাষা সেন্টার ও আন্তর্জাতিক অফিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে আরো গতিশীল করতে ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে তার অফিস কক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস কমিটির ৯ম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, এএসভিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান, গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. গোলাম মোর্শেদ মোল্যা, বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. কাজী আজিজুল মওলা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ্ আল আসাদ এবং পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
সভায় সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সর্বসম্মতিক্রমে দ্রুত এসব সিদ্ধান্ত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়। কেননা এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রায় ১০,০০০ শিক্ষার্থীর উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
Design & Developed By: JM IT SOLUTION