কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে শেফালী বেগম (৪০) নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তেঘরিয়া কালীমন্দিরের পাশে মিলন খানের ভাড়া বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।তাঁর স্বামীর নাম শাহীন মিয়া।
এলাকাবাসী জানান, প্রায় ৬–৭ মাস আগে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এ ছাড়া, প্রায় ছয় মাস ধরে তাঁর মানসিক অবস্থার অবনতি হয়েছিল বলে জানান স্থানীয়রা। সিয়াম মিয়া (১৯) নামে তাঁর এক ছেলে রয়েছে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাইম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেফালী বেগম তাঁর ছেলে ও পুত্রবধুর সঙ্গে থাকতেন। কয়েক দিন আগে ছেলের স্ত্রী তাঁর বাবার বাড়িতে গিয়েছিলেন। আজ শনিবার বাড়িতে ফিরে ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন।পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারী বেশ কয়েক দিন আগেই মারা গেছেন।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
Design & Developed By: JM IT SOLUTION