কালের কন্ঠ ডেক্সঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডে গোপালগঞ্জে শায়েক দোস্তের জোড়া গোলে আরামবাগকে উড়িয়ে দিয়েছে ঢাকা সিটি ক্লাব। তাদের জয় ৪-০ গোলের ব্যবধানে।আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৩টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ঢাকা সিটি ক্লাবকে আতিথ্য দেয় আরামবাগ। খেলার প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি ক্লাব। অন্যদিকে, আরামবাগ ছিল অনেকটাই নিষ্প্রভ।
ম্যাচের ৩৬ মিনিটে এনামুল ইসলাম গোল করে সিটি ক্লাবকে লিড এনে দেন। এতে ১-০ গোলে এগিয়ে যায় সিটি ক্লাব। এর চার মিনিট পর, ৪০ মিনিটে ওনিয়েকাচি ওকাফর গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। এরপর আর কোনো গোল না হওয়ায় দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিটি ক্লাব।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়ায় আরামবাগ। কিন্তু বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় গোলবঞ্চিত থাকে দলটি। উল্টো ম্যাচের ৭৮ মিনিটে শায়েক দোস্ত গোল করে সিটি ক্লাবের লিড ৩-০ করেন। এর পাঁচ মিনিট পর, ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে চতুর্থ গোলটি করেন শায়েক দোস্ত।
বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় আরামবাগকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে ঢাকা সিটি ক্লাব।
এই ম্যাচ শেষে পাঁচ ম্যাচে তিন জয়, এক ড্র ও এক পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ঢাকা সিটি ক্লাব। অন্যদিকে, সমান ম্যাচে তিন ড্র ও দুই পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে রয়েছে আরামবাগ।
Design & Developed By: JM IT SOLUTION