কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ফেরিওয়ালা’র উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের বিভিন্ন স্থানের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে তারা এ কর্মসূচি পালন করে।সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম জানিয়েছেন, কর্মসূচির অংশ হিসেবে ৫০টি পরিবারের মধ্যে মশার কয়েল, ব্লিচিং পাউডার ও ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন বাজারে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় সংগঠনের সভাপতি মিজানুর রহমান মানিক, সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম, কোষাধ্যক্ষ হাবিবা ইসলাম, দপ্তর সম্পাদক জান্নবী ইসলাম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জয় সরদার এবং সদস্য আজিজ খান রিন্টু, মিনহাজুর রহমান হৃদয়, অমিত হাসান, সাব্বির ও আহম্মদসহ অন্যরা উপস্থিত ছিলেন।কর্মসূচি থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ। বিশেষ করে কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
Design & Developed By: JM IT SOLUTION