গোবিপ্রবি প্রতিনিধিঃ
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের জেলা পর্যায়ে বাস্তবায়নাধীন ১২টি আইটি/হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে নির্মাণাধীন হাই-টেক পার্কের কাজ পুনরায় শুরু হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্মাণকাজ পুনরায় শুরু হওয়ায় হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
সংশ্লিষ্টরা জানান, হাই-টেক পার্কটি চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, হার্ডওয়্যার প্রযুক্তিসহ বিভিন্ন আধুনিক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। এর মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোক্তা ও স্টার্ট-আপগুলো ব্যবসায়িক পরামর্শ, আর্থিক সহায়তা এবং নেটওয়ার্কিং সুবিধা পাবে।
প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই হাই-টেক পার্কে আধুনিক স্টার্ট–আপ ফ্লোর এবং প্লাগ অ্যান্ড প্লে সুবিধা থাকবে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া পার্কটিতে একটি বহুল প্রতীক্ষিত আধুনিক অডিটোরিয়াম নির্মাণ করা হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিবিষয়ক অনুষ্ঠান আয়োজনের সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা, হাই-টেক পার্কটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হলে গোবিপ্রবি শুধু দক্ষিণাঞ্চলেই নয়, দেশের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
Design & Developed By: JM IT SOLUTION