কালের খবর রির্পোটঃ
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় নতুন করে আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ নিয়ে এ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এর আগে গত রবিবার সাতজনকে ও নতুন গ্রেপ্তার ১৮জনকে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাকারে পাঠানো হয়।
গত রবিবার গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ফুলমিয়া বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন)কাজী হুমায়ুন রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরত পুলিশের একটি দল মিছিলটির মুখোমুখি হয়। পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান।
এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। এতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ফুলমিয়াসহ পুলিশের দুই সদস্য আহত হন।এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
Design & Developed By: JM IT SOLUTION