কালের খবর ডেক্সঃ
বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতে ইসলামীর লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত দেশে মানবিক পরিবেশ, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ আমাদের লড়াই অব্যাহত থাকবে। এ আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি চলাকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে আয়োজিত এক অনির্ধারিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তাঁরা সাত দফা দাবি নিয়ে মাঠে নেমেছেন। দেশের প্রয়োজনে ও জনস্বার্থে যেকোনো সময় এই সাত দফা এক দফায় পরিণত হতে পারে। এ ধরনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত ১১ দলীয় জোটের এ লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শনিবার ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন জোটের নেতাকর্মীরা। কর্মসূচিতে জামায়াতে ইসলামী, এনসিপিসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে লংমার্চের গাড়িবহর বেলা সোয়া ১১টার দিকে জেলার প্রবেশদ্বার মুকসুদপুরে প্রবেশ করে। প্রায় দুই হাজার মাইক্রোবাস, ট্রাক ও প্রাইভেটকারের বহরটি পরে মুকসুদপুর, কাশিয়ানীসহ গোপালগঞ্জের বিভিন্ন এলাকা অতিক্রম করে। বেলা পৌনে ১টার দিকে জেলার প্রায় ৬৫ কিলোমিটার মহাসড়ক অতিক্রম করে বাগেরহাট ও খুলনার উদ্দেশে রওনা হয় গাড়িবহর।
লংমার্চকে কেন্দ্র করে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টগুলোতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি মহাসড়কে পুলিশের টহল অব্যাহত ছিল। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা যায়।
এদিকে, লংমার্চকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই গোপালগঞ্জের সড়কপথ অতিক্রম করে লংমার্চের গাড়িবহর।
অন্যদিকে, লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানাতে মহাসড়কের মুকসুদপুর, কাশিয়ানী, গোপীনাথপুর, পুলিশলাইন্স, বেদগ্রাম ও ঘোনাপাড়াসহ বিভিন্ন পয়েন্টে জড়ো হন ১১ দলীয় জোটের নারী নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। গাড়িবহর অতিক্রম করার সময় তাঁরা স্লোগান দিয়ে ও হাত নেড়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
নানা উদ্বেগ-উৎকণ্ঠা ও কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে গোপালগঞ্জের ৬৫ কিলোমিটার সড়কপথ অতিক্রম করে ১১ দলীয় জোটের লংমার্চের গাড়িবহর।
Design & Developed By: JM IT SOLUTION