কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। পাইপের মুখে লাইটার বা দেশলাইয়ের কাঠি ধরিয়ে দিলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য দ্রুত বিশেষজ্ঞ দল পাঠানোর দাবি জানিয়েছেন তাঁরা।
সরেজমিনে জানা গেছে, উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নের ভাসাই বাজারে বিভিন্ন মাছবাহী গাড়িতে পানি সরবরাহের জন্য কামরুল শেখ নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ী প্রায় এক বছর আগে একটি সাবমারসিবল পাম্প স্থাপন করেন।
গত এক সপ্তাহ ধরে পাম্পটি থেকে পানি কম উঠছিল। এ অবস্থায় কৌতূহলবশত গত বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে কামরুল শেখ পাম্পের পাইপের মুখে গ্যাস লাইটার ধরালে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তাঁর দোকানের সামনে ভিড় জমাতে থাকেন।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভাসাই বাজারে কামরুল শেখের দোকানের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। তাঁদের অনুরোধে কামরুল শেখকে মাঝেমধ্যে পাম্পটি চালু করে পাইপের মুখে আগুন জ্বলার ঘটনা দেখাতে হচ্ছে।
এলাকাবাসী দ্রুত বিশেষজ্ঞ দল এনে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার দাবি জানিয়েছেন। তাঁদের প্রশ্ন, সত্যিই কি মাটির নিচে এখানে গ্যাসের উপস্থিতি রয়েছে?
কামরুল শেখ বলেন, বিভিন্ন মাছবাহী গাড়িতে পানি সরবরাহের জন্য প্রায় এক বছর আগে ২৮০ ফুট গভীরতায় এই সাবমারসিবল পাম্পটি স্থাপন করি। গত এক সপ্তাহ ধরে পাম্পটি থেকে খুব কম পানি উঠছিল। গত বুধবার রাতে পাইপের মুখে গ্যাস লাইটার ধরালে আগুন জ্বলে ওঠে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ আমার দোকানের সামনে ভিড় জমান।
এলাকার যুবক শিহাব শেখ বলেন, রাতে খবর পেয়ে সকালে ঘটনাটি দেখতে এসেছি। এখানে এসে ঘটনার সত্যতা পেয়েছি। আমরা চাই, একটি বিশেষজ্ঞ দল এসে বিষয়টি পরীক্ষা করে দেখুক। সত্যিই মাটির নিচে গ্যাস রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন। এখানে গ্যাসের সন্ধান পাওয়া গেলে তা দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, বিষয়টি জানার পর আমি এলাকার তহশিলদারদের ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। আগামী শুক্রবার আমি ঘটনাস্থলে গিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।#
Design & Developed By: JM IT SOLUTION