কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত সোমবার (২৪ আগস্ট) তারা নিখোঁজ হয়।নিখোঁজ শিক্ষার্থীরা হলো,গোপালগঞ্জ সদর উপজেলার মাটলা গ্রামের নূর মোঃ সমাদ্দারের ছেলে ইমাম সমাদ্দার (১৩) এবং একই উপজেলার সোনাকুড় গ্রামের তামিম (১৮)। নিখোঁজ হওয়ার সময় তারা পাঞ্জাবি ও পায়জামা পরা ছিল।
গোবরা মাদ্রাসার শিক্ষা সচিব মোঃ সাইদুর রহমান জানান, গতকাল সোমবার দুপুরের দিকে ওই দুই শিক্ষার্থী কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। পরে তারা আর ফিরে না আসায় বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানানো হয়।
পরে আজ মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা মাদ্রাসায় যোগাযোগ করেন।শিক্ষার্থী দুজন বাড়িতেও যায়নি বলে তারা মাদ্রাসা কর্তৃপক্ষকে জানান। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের খোঁজ করার চেষ্টা করছে।
নিখোঁজ ইমামের সহপাঠী মোঃ আবু সালেহ জানান, ইমাম প্রায়ই তাদের বলত, তার মাদ্রাসায় পড়তে ভালো লাগে না। সে বাড়িতে গিয়ে কাজ করতে চায়। গতকাল সোমবার তামিম তাদের রুমে আসে। পরে ইমাম ও তামিম শহরে যাচ্ছে বলে ব্যাগ নিয়ে বের হয়ে যায়।
নিখোঁজ ইমামের খালাতো ভাই শরীফ রায়হান বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে ইমামের পরিবার জানতে পারে, ইমাম সমাদ্দার দুপুরের পর মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে তাদের পরিবার বা মাদ্রাসা কর্তৃপক্ষ থানায় কিছুই জানায়নি।এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION