কালের খবর ডেক্সঃ
বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের পঞ্চম ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। পাকিস্তানি ফরোয়ার্ড সৈয়দ আলী রেজার জোড়া গোলে ঢাকা আবাহনী লিমিটেডকে ২-১ ব্যবধানে হারিয়েছে দলটি।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৩টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে দুই দলের লড়াই। ম্যাচের ২৭ মিনিটে থিয়াগোর লম্বা পাস থেকে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করে ফাঁকা জালে বল পাঠান সৈয়দ আলী রেজা। তাঁর গোলে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন।
গোল হজমের পর সমতায় ফিরতে আক্রমণের গতি বাড়ায় আবাহনী। একের পর এক সুযোগ তৈরি করলেও সহজ কয়েকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী দলটি। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় আবাহনীকে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা সফল হয় আবাহনীর। ম্যাচের ৫৭ মিনিটে ইয়াসিনের পাস থেকে জোরালো শটে গোল করে দলকে সমতায় ফেরান রবিউল হাসান। তাঁর গোলে ম্যাচে ফেরে উত্তেজনা।
তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আবাহনী। ম্যাচের ৭৬ মিনিটে জামাল ভূঁইয়ার বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ব্রাদার্স ইউনিয়নকে আবারও এগিয়ে দেন সৈয়দ আলী রেজা। শেষ পর্যন্ত তাঁর জোড়া গোলেই ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে, শেষ দিকে আক্রমণের গতি বাড়িয়েও সমতাসূচক গোলের দেখা পায়নি আবাহনী।
এই জয়ে পাঁচ ম্যাচে একটি জয়, দুটি ড্র ও দুটি হারে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে, চার ম্যাচে দুটি জয়, একটি ড্র ও একটি হারে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।
Design & Developed By: JM IT SOLUTION