কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭টি পরিবারের তথ্য সংগ্রহের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে শুরু হবে এ কার্যক্রম, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিটি পরিবারের কাছে পৌঁছে ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন নিয়োগপ্রাপ্ত কর্মীরা।
আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলায় মোট ৩ লাখ ৩১ হাজার ৭৬৭টি খানা রয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৭৩ হাজার ৬৩০টি, টুঙ্গিপাড়ায় ২৮ হাজার ৩০১টি, কোটালীপাড়ায় ৬১ হাজার ৭১০টি, মুকসুদপুরে ৮০ হাজার ৯৩০টি এবং কাশিয়ানীতে ৬০ হাজার ১০৭টি। এ ছাড়া গোপালগঞ্জ পৌরসভায় রয়েছে ২৭ হাজার ৮৯টি খানা।
প্রতিটি খানায় একটি করে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্যে তথ্য সংগ্রহ করা হবে। এ কাজের জন্য ৫২২ জন তথ্য সংগ্রহকারী ও ৫০ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ট্যাবের মাধ্যমে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। এরই মধ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে (পাইলটিং) ১২৬ জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তাঁরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাচ্ছেন।
সংবাদ সম্মেলনে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মুরাদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION