কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের এবারের আসরের খেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে সিটি ক্লাব।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি ক্লাব। একের পর এক আক্রমণে ব্রাদার্স ইউনিয়নের রক্ষণভাগকে চাপে রাখে তারা। শেষ পর্যন্ত ম্যাচে তিন গোল করে সহজ জয় নিশ্চিত করে সিটি ক্লাব।
গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে বিপিএলের এবারের আসরের খেলা শুরুর আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. কে.এম. বাবর। এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘের হোম ভেন্যু হিসেবে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে বিপিএলের পঞ্চম আসরের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।সূচি অনুযায়ী, এবারের বিপিএল ও ফেডারেশন কাপের মোট ২০টি ম্যাচ গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION