টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছেন। সেই পাচারকৃত টাকা দিয়ে বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন। যদি সাহস ও রাজনৈতিক শক্তি থাকে, তাহলে মাঠে আসেন। আমরা আপনাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করব, অন্য কোনো পন্থায় নয়।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রবিবার বেলা ১২টায় শোভাযাত্রা শেষে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পৌর মার্কেটে আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আজকে টুঙ্গিপাড়ার মাটিতে রাজনৈতিকভাবে এত বড় শোভাযাত্রা প্রদর্শন করে ইতিহাস সৃষ্টি করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। তবে যারা দেশ-বিদেশ থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার ছড়াচ্ছেন, তাদেরকে সবিনয়ে বলতে চাই, জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু জাতীয়তাবাদী দলের ওপর কোনো রকম উস্কানি ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করা হলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে মোকাবিলা করা হবে।
এমপি জিলানী আরও বলেন, এই টুঙ্গিপাড়া আমারও জন্মস্থান। আর এই টুঙ্গিপাড়ায় যারা বিএনপির রাজনীতি করেন, প্রত্যেকটা মানুষের জন্মস্থানও এই ভূমিতে। অতএব, রাজনীতি করবেন ও কথা বলবেন শালীনতার সঙ্গে।
গত ১৭ বছর পদ্মা নদী পাড়ি দিয়ে এখানে এসেছি, তাই আমাদেরকে মধুমতি নদীর ভয় দেখিয়ে লাভ নেই। কারণ, আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য।
সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সহ-সভাপতি জিল্লাল শেখ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা আকবর হোসেন, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জি. জাহাঙ্গীর কবির, কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কদর শেখসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার সকাল সাড়ে ১০টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি পাটগাতী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গওহরডাঙ্গা চৌরঙ্গি, পাটগাতী বাজার প্রদক্ষিণ করে পৌর মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে গণসমাবেশের আয়োজন করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION