শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন পাকিস্তান, আনভীর স্টেডিয়ামে রানার্সআপ ভারত আবাসন শিল্পের সংকট কাটাতে দীর্ঘমেয়াদি নীতি চান উদ্যোক্তারা জন্মদিনে তারেক রহমান: অতীতের সংগ্রাম, বর্তমানের দায়িত্ব ও ভবিষ্যতের বাংলাদেশের প্রত্যাশা নারীদের ক্যান্সার প্রতিরোধে টিকাদান ও স্ক্রিনিং বাড়ানোর আহ্বান গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের জবাব দিতে হবে: তারেক রহমান আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগে বারবার গণতন্ত্রের স্বপ্ন জাগলেও কেন তা স্থায়ী রূপ পেল না বাংলাদেশে গোপালগঞ্জের ওপর দিয়ে ৯টি ট্রেন চলাচল বন্ধ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানে উড়িয়ে দিল বাংলাদেশ গোপালগঞ্জে আট প্লাটুন আনসার মোতায়েন! মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না বাহিনী।

ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন পাকিস্তান, আনভীর স্টেডিয়ামে রানার্সআপ ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০.৪২ পিএম
  • ৫ Time View
7

স্পোর্টস রিপোর্টার:

বৃষ্টির বাধায় মাঠে গড়াল না ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ফাইনাল। ফলে লিগ পর্বে শীর্ষে থাকা পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬’-এর দ্বিতীয় আসরে। রানার্সআপ হয়েছে ভারত। আর পুরো টুর্নামেন্টের সফল আয়োজনের পাশাপাশি মাঠ, উইকেট, অবকাঠামো ও ব্যবস্থাপনায় বিদেশি ক্রিকেটারদের প্রশংসা পেয়েছে বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম।

১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় চার দেশের অংশগ্রহণে এই প্রতিযোগিতা। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ভারত ও পাকিস্তানের মধ্যে ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী লিগ পর্বের পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় পাকিস্তান। তিন ম্যাচের সবকটিতে জয় নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে তারা শীর্ষস্থান নিশ্চিত করে। ভারত তিন ম্যাচে দুটি জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনালে ওঠে। স্বাগতিক বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং শ্রীলঙ্কা কোনো পয়েন্ট না পেয়ে চতুর্থ হয়।

ফাইনালের আগেই ভারত-পাকিস্তানের লড়াইয়ে দেখা গিয়েছিল দারুণ উত্তেজনা। ১৭ নভেম্বরের ম্যাচে শেষ বলে এক উইকেটে ভারতকে হারায় পাকিস্তান। ভারতের করা ১৭৯ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১৮০ রান করে পাকিস্তান। শেষ দুই বলে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৭ রান। অলরাউন্ডার নিয়ামতউল্লাহ শেষ দুই বলে ছক্কা ও চার মেরে অবিশ্বাস্য জয় এনে দেন।

আনভীর স্টেডিয়ামের প্রশংসায় বিদেশি ক্রিকেটাররা
এশিয়া কাপের মাঠের লড়াইয়ের পাশাপাশি বিদেশি দলগুলোর প্রশংসা পেয়েছে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো ও ব্যবস্থাপনা। বিশেষ করে মাঠ, উইকেট, আউটফিল্ড, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সামগ্রিক সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার ও কোচরা।

ভারতের অলরাউন্ডার সঞ্জয় কুমার সাহা আনভীর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও মাঠের মানকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তার মতে, অল্প সময়ের মধ্যে এখানে যে ক্রিকেট অবকাঠামো গড়ে উঠেছে, তা উল্লেখযোগ্য।

সঞ্জয় বলেন, ‘পিচ খুব ভালো। এখানকার সুযোগ-সুবিধাও অনেক ভালো। উইকেট, মাঠ, গ্রাউন্ডসম্যানদের কাজ এবং স্টেডিয়াম—সবকিছুই খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে।’

তার সতীর্থদের কাছ থেকে পাওয়া তথ্যের কথা উল্লেখ করে তিনি জানান, ২০২১ সালে এই ভেন্যুতে আসা কয়েকজন ক্রিকেটার তখন এখানে তেমন কোনো অবকাঠামো দেখতে পাননি। কয়েক বছরের ব্যবধানে সেখানে আধুনিক ক্রিকেট অবকাঠামো গড়ে ওঠায় তিনি বিস্ময় প্রকাশ করেন।

বৃষ্টির পর দ্রুত মাঠ খেলার উপযোগী হয়ে ওঠার বিষয়টিও ভারতীয় এই অলরাউন্ডারের নজর কেড়েছে। তার মতে, বৃষ্টি থামার অল্প সময়ের মধ্যেই মাঠ খেলার উপযোগী হয়ে ওঠা ভেন্যুটির উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থার প্রমাণ।

ভারতে ব্লাইন্ড ক্রিকেটের জনপ্রিয়তা ও বিস্তৃতির কথাও তুলে ধরেন সঞ্জয়। তার ভাষ্য, ভারতে প্রায় ২৯টি দল রয়েছে এবং খেলোয়াড়দের পাশাপাশি ব্যবসায়ী মহল থেকেও ব্লাইন্ড ক্রিকেট ভালো সমর্থন পাচ্ছে।

শ্রীলঙ্কার অধিনায়ক দিমুতু পেরেরাও বাংলাদেশের আয়োজন ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধার প্রশংসা করেছেন। তরুণ দল নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া শ্রীলঙ্কার জন্য এই টুর্নামেন্টকে অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন তিনি।

দিমুতু বলেন, ‘বাংলাদেশ চমৎকারভাবে টুর্নামেন্টটি আয়োজন করেছে এবং আমাদের যথেষ্ট সহযোগিতা দিয়েছে। এখানকার মাঠগুলো অসাধারণ। হোটেল থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধাই পেয়েছি।’

তিনি জানান, বাংলাদেশে আসার আগে সফরের প্রস্তুতিতে তাদের বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। ম্যানেজার ও কোচদের সহযোগিতায় শেষ পর্যন্ত তরুণ দল নিয়ে এশিয়া কাপে অংশ নিতে পেরে তারা সন্তুষ্ট।

শ্রীলঙ্কার কোচ নিলাংকা কান্ডিগামও এবারের টুর্নামেন্টকে ভবিষ্যতের দল গঠনের সুযোগ হিসেবে দেখছেন। ব্যক্তিগত ও অন্যান্য সমস্যার কারণে দলের কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় এবার অংশ নিতে পারেননি। তাই নতুনদের সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য দল প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশের খেলোয়াড়ের চোখেও ‘চমৎকার’ আনভীর স্টেডিয়াম
বিদেশিদের পাশাপাশি বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের খেলোয়াড় আবিদ হাসানও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের প্রশংসা করেছেন। তার মতে, এটি বাংলাদেশের অন্যতম ভালো স্টেডিয়াম।

বিশেষ করে ব্যাটিং সহায়ক উইকেট, দ্রুতগতির আউটফিল্ড এবং আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা তার নজর কেড়েছে।

আবিদ বলেন, ‘আনভীর ক্রিকেট স্টেডিয়াম ইজ অসাম। বাংলাদেশের অনেক ভালো একটি স্টেডিয়াম। এখানে ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট, অনেক রান হয়। আউটফিল্ডও খুব ভালো। আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা রয়েছে।’

সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ের ক্রিকেট আয়োজনের মধ্য দিয়েও ব্যস্ত সময় পার করছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম। গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে। সেই ম্যাচে বাংলাদেশ একাদশের হয়ে কালাম সিদ্দিকী ১৩৫, জিশান আলম ৮৬ এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৫৯ রান করেন।

এরপর ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট। ৫ নভেম্বর ব্র্যাক ইউনিভার্সিটির বিপক্ষে ২০ ওভারে ২৩৭ রান করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটি ছিল টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ১৩ নভেম্বর ফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটিকে ৫৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

এ ছাড়া আনভীর ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের তৃতীয় আসরের ম্যাচও। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, করপোরেট ও ব্লাইন্ড ক্রিকেট—বিভিন্ন পর্যায়ের ক্রিকেট আয়োজনের কেন্দ্র হিসেবে ভেন্যুটির ব্যবহার বাড়ছে।

১ ডিসেম্বর থেকে সাংবাদিকদের নিয়ে এবিজি মিডিয়া কাপ
ক্রিকেটের আয়োজনের ধারাবাহিকতায় এবার সাংবাদিকদের জন্য নতুন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে এবিজি স্পোর্টস সিটি। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ‘এবিজি মিডিয়া কাপ’।

শুধু ফুটবলভিত্তিক এই প্রতিযোগিতায় ৪০টির বেশি মিডিয়া হাউজ অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এবিজি ইউনিভার্সিটি কাপের তুলনায় এবারের প্রাইজমানিও বেশি রাখা হচ্ছে। শুধু চ্যাম্পিয়ন ও রানার্সআপ নয়, প্রতিটি ম্যাচের বিজয়ী ও পরাজিত দলের জন্যও থাকছে অর্থ পুরস্কার।

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে শুক্রবার নতুন এই টুর্নামেন্টের ঘোষণা দেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।

তিনি বলেন, ‘সাংবাদিকদের জন্য এবিজি মিডিয়া কাপ নিয়ে আসছি। এবার শুধু ফুটবল থাকছে। ১ ডিসেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। আশা করছি, ৪০টির বেশি দল নিয়ে আয়োজন করতে পারব। এবিজি ইউনিভার্সিটি কাপে যে প্রাইজমানি ছিল, এবার তার চেয়েও অনেক বেশি থাকছে।’

টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে ফুটসাল মাঠে সেভেন-এ-সাইড পদ্ধতিতে। নকআউট পর্ব থেকে খেলা হবে বড় মাঠে। কিংস অ্যারেনার অনুশীলন মাঠে নকআউট পর্ব এবং কিংস অ্যারেনায় সেমিফাইনাল ও ফাইনাল আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আয়োজকদের মতে, এবিজি স্পোর্টস সিটিতে চারটি ফুটসাল মাঠ থাকায় ৪০টির বেশি দল অংশ নিলেও সময়মতো ম্যাচ শেষ করা সম্ভব হবে। ম্যাচসেরা, টুর্নামেন্টসেরা, সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ অ্যাসিস্টদাতার জন্যও থাকবে ব্যক্তিগত পুরস্কার। পাশাপাশি টুর্নামেন্ট নিয়ে সেরা প্রতিবেদন তৈরি করা সাংবাদিকের জন্য রাখা হয়েছে বিশেষ পুরস্কার।

সাংবাদিকদের কর্মব্যস্ততার মধ্যে বিনোদনের সুযোগ তৈরি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা
ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের পরিচালক শেহ্জাদ আকবর সোবহান, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এপিএস মোহাম্মদ ইব্রাহিম খলিল।

চ্যাম্পিয়ন পাকিস্তান ও রানার্সআপ ভারতের হাতে ট্রফি তুলে দেন রংপুর রাইডার্সের পরিচালক শেহ্জাদ আকবর সোবহান।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের জয়েন্ট সেক্রেটারি রজনীশ হেনরি এবং বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের ডিরেক্টর ইন্টারন্যাশনাল মইন ইকবাল।

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের মধ্য দিয়ে আনভীর ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক পর্যায়ে আরেকটি বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করেছে। বিদেশি ক্রিকেটারদের প্রশংসা, বিভিন্ন পর্যায়ের ক্রিকেট আয়োজন এবং নতুন করে সাংবাদিকদের জন্য এবিজি মিডিয়া কাপের উদ্যোগ—সব মিলিয়ে দেশের ক্রীড়া অবকাঠামোয় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের ব্যবহার ও কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION