শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
জন্মদিনে তারেক রহমান: অতীতের সংগ্রাম, বর্তমানের দায়িত্ব ও ভবিষ্যতের বাংলাদেশের প্রত্যাশা নারীদের ক্যান্সার প্রতিরোধে টিকাদান ও স্ক্রিনিং বাড়ানোর আহ্বান গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের জবাব দিতে হবে: তারেক রহমান আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগে বারবার গণতন্ত্রের স্বপ্ন জাগলেও কেন তা স্থায়ী রূপ পেল না বাংলাদেশে গোপালগঞ্জের ওপর দিয়ে ৯টি ট্রেন চলাচল বন্ধ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানে উড়িয়ে দিল বাংলাদেশ গোপালগঞ্জে আট প্লাটুন আনসার মোতায়েন! মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না বাহিনী। রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের জবাব দিতে হবে: তারেক রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১.৫২ পিএম
  • ২ Time View
3

বিশেষ প্রতিনিধি:

গুম-খুন, অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও ভোটাধিকার হরণের রাজনীতির বিরুদ্ধে দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সন্ত্রাসীদের এমনভাবে জবাব দিতে হবে, যাতে ভবিষ্যতে তারা বাংলাদেশের ভাগ্য ও জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

লালমনিরহাট সদর উপজেলার মণ্ডলেরহাট এলাকায় মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। এ ধরনের রাজনীতি যাতে আর ফিরে আসতে না পারে, সে জন্য গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে মানুষের ভোটাধিকার, কথা বলার অধিকার এবং গুম-খুন থেকে মুক্তির যে পরিবেশ তৈরি হয়েছে, তা আবার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী ও খুনিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, একইভাবে এখন আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তিনি বলেন, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে পরিষ্কার ও শক্ত জবাব দিতে হবে।

তারেক রহমানের ভাষ্য, ক্ষমতায় থাকার সময় একটি গোষ্ঠী মানুষের সম্পদ লুটপাট, নির্যাতন ও গুমের সঙ্গে জড়িত ছিল। ক্ষমতা থেকে সরে যাওয়ার পরও তারা অগ্নিসন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা ও হামলার রাজনীতি শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, যারা মানুষের জীবন ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদের দেশের জনগণের প্রতি কোনো দায়িত্ববোধ থাকতে পারে না। বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি ও উন্নয়ন চায়।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাগ্যের পরিবর্তন করতে হলে ২০২৪ সালে গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছে, সেই সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এ সময় তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ—যথেষ্ট হয়েছে, আর নয়।’

জনসভায় দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকেও কেন তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ বাস্তবায়ন করা হয়নি? কেন লালমনিরহাট অঞ্চলে গ্যাসলাইন ও ইপিজেড স্থাপন করা হয়নি—এ প্রশ্ন জনগণের পাশাপাশি তাঁরও।

তিনি অভিযোগ করেন, ওই সময়ে দেশের বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে। জনগণের সম্পদ বিদেশে পাচার করে একটি শ্রেণি নিজেদের জীবনযাপন করেছে বলেও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিয়ে আগামী মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করার প্রস্তুতি চলছে। কারা কাকে ভোট দিয়েছেন, তা বিবেচনায় না নিয়ে এই কার্ড দেওয়া হবে বলে জানান তিনি।

ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানির ব্যবস্থা করার কথাও জানান প্রধানমন্ত্রী। চলতি বছর দুই লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এ কার্যক্রম শুরু হতে পারে। প্রতিবছরের শুরুতে শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি স্কুলড্রেস দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

লালমনিরহাটে প্রথম জাতীয় এরো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে সরকার।

তিনি বলেন, তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষার পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনের সুযোগ দিতে হবে। এ জন্য আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধাসহ একটি মেধাভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সব সামাজিক সমস্যার সমাধান শুধু আইন করে সম্ভব নয়। অনেক সমস্যা সামাজিক সংগঠনের মাধ্যমে সমাধান করা সম্ভব। এ কারণে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন দেশের প্রতিটি জেলায় প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে এক দিনের সফরে লালমনিরহাটে পৌঁছান প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION