কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন।আজ মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের কচির সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার (৮৫) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবায়দুর খন্দকার (৩৫)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মুনতাসির মাহমুদ জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার একটি পিকআপে করে মালামাল নিয়ে ছেলের বাসা মোংলায় যাচ্ছিলেন। ভোররাতে পিকআপটি ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে পিকআপের ভেতরেই গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগতির একটি ট্রাক পথচারী ওবায়দুর খন্দকারকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
Design & Developed By: JM IT SOLUTION