কালের কন্ঠ ডেক্সঃ
কয়েক দিনের সহিংসতা ও উত্তেজনার পর গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। গত দুই দিনে নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। শহর ও উপজেলার সড়কগুলোতে যানবাহন চলাচল বেড়েছে, খুলেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মাসের শেষ তিন দিন আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫৫ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন, দুই হাজারের বেশি পুলিশ সদস্য এবং এসআরবি মোতায়েন রয়েছে। আজ রবিবার সকাল থেকেই বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জেলার বিভিন্ন সড়ক-মহাসড়ক ও উপজেলা সদরে টহল দিতে দেখা গেছে। পরিস্থিতি বিবেচনায় জেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসংখ্যাও বাড়ানো হয়েছে।
জেলা শহরের লঞ্চঘাট, বাজার এলাকা, পুলিশ লাইন্স মোড়, বেদগ্রাম মোড় ও ঘোনাপাড়া মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সড়কে রিকশা, ইজিবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শহরের বাজারগুলোতে সব ধরনের দোকানপাট খুলেছে। কেনাকাটা করতে সাধারণ মানুষের উপস্থিতিও বেড়েছে। বিভিন্ন উপজেলাতেও জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। তবে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হলেও রাজনৈতিক কর্মসূচি ঘিরে মানুষের মধ্যে স্বস্তি পুরোপুরি ফেরেনি।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ
জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা আজ রবিবার ২২ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ে গত কয়েক দিন ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান কার্যক্রম চালু থাকবে। পাশাপাশি সব বিভাগের দাপ্তরিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে ছেলেদের ও মেয়েদের জন্য একটি করে ডাইনিং চালু রাখা হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস সূত্রে জানা গেছে।
টুঙ্গিপাড়ায় বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৫ নেতাকর্মীর পদত্যাগঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে আলোচনায় এসেছে পদত্যাগ। বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের ১৫ জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত পাঁচ দিনে সংবাদ সম্মেলন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে তাঁরা পদত্যাগের কথা জানান।
গত ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে এসব পদত্যাগের ঘোষণা আসে। পদত্যাগকারীদের অধিকাংশই ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ দাবি করেছেন, তাঁরা না জেনেই দলীয় পদ পেয়েছেন। আবার কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিন রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এই ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন রয়েছেন।
স্থানীয় গণমাধ্যমকর্মীদের সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির।
পরবর্তী সময়ে ১৮ থেকে ২১ নভেম্বরের মধ্যে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও মো. বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু।
অন্যদিকে, বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি।
এ ছাড়া ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করে রাজনীতি থেকে স্বেচ্ছায় বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ।
নাম প্রকাশ না করার শর্তে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের একজন দায়িত্বশীল নেতা বলেন, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি পদত্যাগের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি। দু-একজন পদত্যাগ করলেও এতে দলের কোনো ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, বিএনপির নেতাকর্মীদের পদত্যাগের বিষয়ে দলটির উচ্চপর্যায়ের নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
টুঙ্গিপাড়াসহ চার উপজেলায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলঃ
এদিকে, রবিবার বেলা ১১টার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে গত শনিবার জেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে বিক্ষোভ মিছিল চলাকালে কোনো ধরনের সহিংসতায় না জড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। কেউ সহিংসতায় জড়ালে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়। তবে রবিবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার কোথাও নতুন করে সহিংসতার খবর পাওয়া যায়নি।
সব মিলিয়ে গোপালগঞ্জে জনজীবন স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা গেলেও রাজনৈতিক কর্মসূচি, অতীতের সহিংসতা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ এখনো কাটেনি।#
Design & Developed By: JM IT SOLUTION