মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজের একদিন পর মিজানুর রহমান (৬২) ওরফে মিটু খলিফা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহত মিজানুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দি গ্রামের মৃত রশিদ খলিফার ছেলে।
আজ রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্যকান্দি এলাকায় শাহ আলী ফকিরের বাড়ির দক্ষিণ পাশে কুমার নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আওরঙ্গজেব বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কুমার নদীতে পাট ধোয়া শেষে সাঁতরে নদীর অপর পারে নিজ বাড়িতে যাওয়ার সময় পানিতে তলিয়ে যান মিজানুর রহমান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
আজ রবিবার সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে খবর পেয়ে মিজানুর রহমানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। পরিবারের আবেদনের ভিত্তিত্বে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION