মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে এক একর জমিতে কলাবাগানে পচনশীল কীটনাশক স্প্রে করে প্রায় চার লাখ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে।আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের কৃষক হুমায়ুন মোল্লার কলাবাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক।
কৃষক হুমায়ুন মোল্লা জানান, চার দিন আগে তিনি কলাবাগানে গিয়ে একই গ্রামের মেহেদী ও রবিকে বাগান থেকে বের হতে দেখেন। কারন জানতে চাইলে এ সময় তাদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা তাকে ক্ষতি করার হুমকি দেন।এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে কলাবাগানে গিয়ে তিনি দেখতে পান, তার প্রায় ৭০০টি কলাগাছে যে কোন সময় পচনশীল কীটনাশক স্প্রে করেছে। এতে গাছগুলোর কলায় পচন ধরেছে এবং ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

মুকসুদপুর উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে কলাবাগান পরিদর্শন করেছেন। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী কৃষক হুমায়ুন মোল্লাকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করা হবে।
মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা বিষয়টি অবহিত করার পর তিনি ঘটনাস্থলে যান। বাগানের সাত শতাধিক কলাগাছে পচনশীল কীটনাশক স্প্রে করা হয়েছে। এতে গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী কৃষক হুমায়ুন মোল্লাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By: JM IT SOLUTION