মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পাটের গোডাউন পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন। গত শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মুকসুদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মেহেদী হাসান জানান, অগ্নিকাণ্ডে ৫টি গোডাউনের পাট আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে গোডাউন থেকে প্রায় ২০ লাখ টাকার পাট, নগদ অর্থসহ অন্যান্য মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিং মেশিনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে।
Design & Developed By: JM IT SOLUTION