কালের খবরঃ
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬। ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ এবং পুষ্টির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাবিবউল্লাহ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিনসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) বলেন, “দেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে আমাদের কৃষি খাতও সমৃদ্ধ হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে ফল মেলার গুরুত্ব অপরিসীম।”

তিনি আরও বলেন, দেশীয় ফলের উৎপাদন ও বিপণন বাড়াতে আগামীতে এ মেলা আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হবে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এদিকে অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সুপার (এসপি) তাঁর বক্তব্যে ফলের অপরিসীম পুষ্টিগুণের কথা তুলে ধরেন। তিনি বলেন, “সুস্থ ও সবল জীবনের জন্য আমাদের নিয়মিত ফল খেতে হবে।”
তবে দৈনিক পুষ্টি চাহিদার তুলনায় দেশীয় ফল খাওয়ার প্রবণতা কম বলে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের শরীরের যে পরিমাণ ফল প্রয়োজন, আমরা প্রতিদিন সেই পরিমাণ দেশীয় ফল খাই না।”
তিনি সবাইকে বিদেশি ফলের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় পুষ্টিকর ফল বেশি বেশি খাওয়ার আহ্বান জানান।মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষক, উদ্যোক্তা ও ফলচাষিরা অংশগ্রহণ করেছেন। মেলা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত।
Design & Developed By: JM IT SOLUTION