রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষার কেন্দ্র মাদারীপুর ও ফরিদপুরে স্থানান্তর, ভোগান্তির আশঙ্কা একচেটিয়া বাজার ভাঙা থেকে দানশীলতা—উসমান (রা.)-এর ব্যবসায়িক শিক্ষা বাবার স্বপ্নে এবিজি স্পোর্টস সিটি গড়ে ওঠার গল্প শোনালেন আনভীর নতুন প্রতিভার সন্ধানে বক্সিং প্রতিযোগিতা ‘জুলকান বিটডাউন ৩’ এবিজি মিডিয়া কাপের ফাইনালে ৭৫ লাখ টাকা প্রাইজমানি প্রাথমিকের সব শিক্ষার্থীর জন্য দুপুরের খাবারের ব্যবস্থা হক্কানি আলেমের ১০ বৈশিষ্ট্য জানুন দেশ-বিদেশে বাড়ছে এবিজি স্পোর্টস সিটির পরিচিতি তরুণ প্রজন্মকে কৃষির সঙ্গে সম্পৃক্ত করার তাগিদ ভ্যাটের আওতায় আসছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান

গোপালগঞ্জের ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষার কেন্দ্র মাদারীপুর ও ফরিদপুরে স্থানান্তর, ভোগান্তির আশঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭.৫৫ পিএম
  • ২০ Time View
29

কালের খবর ডেক্সঃ

২০২৬ সালের এইচএসসি (সম্পূরক), আলিম (সম্পূরক), এইচএসসি (বিএমটি) ও এইচএসসি (ভোকেশনাল) সম্পূরক পরীক্ষার কেন্দ্র গোপালগঞ্জ থেকে মাদারীপুর ও ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যেতে হবে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়। এ সিদ্ধান্তে উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁদের আশঙ্কা, দূরবর্তী কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে সময়, অর্থ ও যাতায়াত নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হবে।

আজ রবিবার (২৯ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে গোপালগঞ্জ জেলার ২০২৬ সালের এইচএসসি (সম্পূরক), আলিম (সম্পূরক), এইচএসসি (বিএমটি) ও এইচএসসি (ভোকেশনাল) সম্পূরক পরীক্ষার কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত জানানো হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিজ নিজ শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নতুন কেন্দ্র ও উপকেন্দ্রের তথ্য অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে মাদারীপুরের রাজৈর উপজেলার সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুব সংঘ পাইলট মডেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজে। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি রাজৈর কলেজ কেন্দ্রে।

অন্যদিকে, টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে রাজৈর উপজেলার শহীদ সরদার শাহজাহান উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এ ছাড়া কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যানের আদেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ সদর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত পত্র জারি করা হয়েছে।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় গোপালগঞ্জ জেলার আলিম (সম্পূরক) পরীক্ষার কেন্দ্র বাতিল করে মাদারীপুর জেলার নির্ধারিত আলিম (সম্পূরক) পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য উল্লেখ করা হয়।

এদিকে, কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন গোপালগঞ্জে অধ্যয়নরত কয়েকজন পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবক। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, একটি রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে পরীক্ষার কেন্দ্র গোপালগঞ্জের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁরা মনে করছেন। অথচ সাধারণ শিক্ষার্থীরা কোনো আন্দোলন-সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত নয়। অনেক শ্রমজীবী ও নিম্ন আয়ের পরিবারের সন্তান কষ্ট করে পড়াশোনা করছে। তাদের পক্ষে মাদারীপুর কিংবা অন্য জেলায় গিয়ে পরীক্ষা দেওয়া বাড়তি আর্থিক চাপ ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।

তাঁরা আরও বলেন, যারা আন্দোলন-সংগ্রামের সঙ্গে জড়িত, তাদের কারণে সাধারণ শিক্ষার্থীদের কেন ভোগান্তি পোহাতে হবে? পরীক্ষার্থীদের যাতায়াত, নিরাপত্তা ও আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। শিক্ষার্থীদের স্বার্থে আগের মতো গোপালগঞ্জেই পরীক্ষার কেন্দ্র রাখার দাবি জানান তাঁরা।

এ বিষয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে জেলা প্রশাসনের ‘ডিসি গোপালগঞ্জ’ নামের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টের মাধ্যমেও কেন্দ্র স্থানান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION