গোবিপ্রবি প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট জগতের সরাসরি সেতুবন্ধন তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স-২০২৬’।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন খাতের আটটি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি)-এর উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, খুলনার খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।
এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেডের পরিচালক অধ্যাপক মেহেদী হাসান মো. হেফজুর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং স্ট্র্যাটেজি বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউর রহমান, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক (অপারেশনস) মুহাম্মদ জাহিদ আলী বেরুনী, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (প্ল্যান্ট) মো. ওহিদুল ইসলাম, মেনকো ফার্মা লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশনস ও প্ল্যান্ট) মো. আমিনুর রহমান, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক মো. মহিউদ্দিন সেলিম, নগদ লিমিটেডের প্রধান (ইউটিলিটি, শিক্ষা ও সরকারি পেমেন্ট) মো. গোলাম মুর্তজা মিলু এবং পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন)-এর প্রতিনিধি।
বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন ও পরিমার্জনে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষাকে কর্মক্ষেত্রের উপযোগী করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে। কারণ, বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার যথেষ্ট সমন্বয় নেই। অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও প্রয়োজনীয় কর্মদক্ষতা নিয়ে কর্মজীবনে প্রবেশ করতে পারছেন না।
এ পরিস্থিতি উত্তরণে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের শ্রেণিকক্ষে আমন্ত্রণ জানিয়ে তাঁদের বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পরামর্শ দেন ইউজিসি চেয়ারম্যান। একই সঙ্গে শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শন করে সেখানকার কাজের ধরন ও সমস্যাগুলো সম্পর্কে বাস্তব ধারণা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের সমস্যা চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সঙ্গে যৌথভাবে গবেষণা প্রস্তাব তৈরির আহ্বান জানান অধ্যাপক ড. মামুন আহমেদ। এসব প্রস্তাব ইউজিসিতে জমা দিলে কমিশনের পক্ষ থেকে অর্থায়নের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। তাঁর মতে, গবেষণার ক্ষেত্র শুধু বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে শিল্প খাত ও দেশের বাস্তব সমস্যার সমাধানকে গবেষণার অগ্রাধিকার দিতে হবে।

শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে সফট স্কিল উন্নয়ন ও ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান ইউজিসি চেয়ারম্যান। আগামী পাঁচ বছরের মধ্যে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ চালুর লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। এ ছাড়া প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান সম্মেলনে অংশগ্রহণ করায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার ও শ্রেণিকক্ষের সংকট রয়েছে। এমনকি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় শিক্ষকসংকটও প্রকট। ফলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। মাত্র ৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেলে গবেষণাগারের সংকট সমাধান করা সম্ভব হবে। পাশাপাশি শিক্ষকসংকট নিরসনে ইউজিসির সদয় দৃষ্টি কামনা করেন তিনি।
উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের যেমন চলন-বলন ও পোশাক-পরিচ্ছদে চাকরির বাজারের উপযোগী হয়ে উঠতে হবে, তেমনি শিক্ষকদের সততার সঙ্গে পাঠদানের পাশাপাশি ভালো গবেষক হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ জন্য শিক্ষকদের যথাসময়ে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পাঠদান এবং নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশ করতে হবে, যাতে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করতে পারে।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের জন্য সরাসরি চাকরির আবেদনের সুযোগ। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী একাধিক প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমন্ত্রিত অতিথিদের সামনে বিশেষ উপস্থাপনার মাধ্যমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অর্জন ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করে এসিএসএস জিএসটিইউ চ্যাপ্টার।
সম্মেলনের কনভেনর ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহাজান জানান, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদার এবং শিক্ষার্থীদের বাস্তব কর্মজগতের সঙ্গে পরিচিত করে তোলার ক্ষেত্রে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION