কালের খবর ডেক্সঃ
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং খনন করা কবর ভরাট করে দেওয়ার ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের প্রস্তাবিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে জেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনায় এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফন কার্যক্রমে বাধা সৃষ্টি এবং খনন করা কবর ভরাট করে দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি এমন অসম্মান শুধু ব্যক্তির মর্যাদাহানিই নয়, বরং মহান মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও আত্মত্যাগের প্রতিও চরম অবমাননা।
মানববন্ধন চলাকালে গোপালগঞ্জ জেলা প্ররিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক বীর মুকিত্তযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব আকবর হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার পর থেকেই দেশবিরোধী পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোনো বীর মুক্তিযোদ্ধা কিংবা তাঁদের পরিবারের সদস্যরা যেন রাজনৈতিক পরিচয় বা মতপার্থক্যের কারণে হয়রানি, হুমকি কিংবা অসম্মানের শিকার না হন, তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।
তাঁরা আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা, হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভায় পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের সকল বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
Design & Developed By: JM IT SOLUTION