টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুরে শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এসএম জিলানী।গতকাল শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া শীতলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মহানামযজ্ঞ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানী বলেন, “মাত্র পাঁচ মাস হলো জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসেছে। এই পাঁচ মাসের মধ্যে অক্লান্ত পরিশ্রম দিয়ে চেষ্টা করেছি, যতটুকু উন্নয়ন করা যায়। আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন, তাহলে এই গোপালপুরে একটি মডেল মন্দির নির্মাণ করা হবে। ইতিমধ্যে মন্ত্রিসভার একাধিক সদস্যের সঙ্গে আমি কথা বলেছি। সবাই আশ্বস্ত করে জায়গা নির্ধারণ করতে বলেছেন। শীঘ্রই টুঙ্গিপাড়ার গোপালপুরে মডেল মন্দির নির্মাণ করা হবে। আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম।”
ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এমপি জিলানী বলেন, “কেউ যদি বলে, কিছু টাকা দেন, আপনাকে ফ্যামিলি কার্ড করে দেব—মনে রাখবেন, কেউ যদি এই কথাটা বলে, তাহলে বুঝবেন সে আপনাদের সঙ্গে প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে।”
“ইতিমধ্যে কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতার মধ্য দিয়ে বিনামূল্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সবার বাড়িতে পৌঁছে যাবে। অতএব, কাউকে টাকা দিয়ে নিজেরা প্রতারিত হবেন না।”
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম এবং গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীপক মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION