কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জ সদর উপজেলায় আটাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়ে সুরাইয়া বেগম (২৬) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।আজ বুধবার (৫ আগস্ট) ভোররাত আনুমানিক ৪টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া বেগম নিজড়া গ্রামের মিনাপাড়ার বাসিন্দা শামীম খান ওরফে তামিনের স্ত্রী। তিনি দুর্ঘটনাস্থলের ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, তিনি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ জানায়, যশোর মেট্রো-ট-১১-৬১১০ নম্বরের আটাবোঝাই ট্রাকটি টেকেরহাট থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে একটি বিদ্যুতের পিলার ভেঙ্গে টিনশেড বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় সুরাইয়া বেগম ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ( ওসি) আমিনুল ইসলাম বলেন,পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION