কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জে পৃথক ঘটনায় এক বৃদ্ধাসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এবং দুপুরে কাশিয়ানী রেলস্টেশন এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর তার মরদেহ মহাসড়কের পাশে পড়ে থাকে। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, নিহত বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
অন্যদিকে, দুপুরে কাশিয়ানী রেলস্টেশন এলাকায় স্থানীয়রা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাফুজুর রহমান জানান, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
Design & Developed By: JM IT SOLUTION