কাশিয়ানী প্রতিনিধিঃ
প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করে মাদক পাচার করছে মাদক ব্যবসায়ী চক্র। এবার পেটের ভেতরে বিশেষ পদ্ধতিতে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বহন করে খুলনায় নেওয়ার সময় গোপালগঞ্জের কাশিয়ানীতে র্যাবের অভিযানে আটক হয়েছেন এক মাদক কারবারি। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে তার পেট থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা।
গত রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প এবং র্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুরের যৌথ আভিযানিক দল। এ সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মোঃ আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন যে, তিনি কক্সবাজারের টেকনাফ থেকে বিশেষ কৌশলে পেটের ভেতরে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বহন করে ঢাকা হয়ে খুলনায় নিয়ে যাচ্ছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের চালক, সুপারভাইজার ও অন্যান্য যাত্রীর উপস্থিতিতে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষায় তার পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ প্রয়োগের পর চিকিৎসকের তত্ত্বাবধানে কিছু সময়ের মধ্যে তার পেট থেকে মলের সঙ্গে বেরিয়ে আসে ২ হাজার ৩০০ পিস ইয়াবার থলি। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সেগুলো জব্দ করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ ওইদিন বিকেলে আদালতের মাধ্যমে জেল হগাজতে পাঠিয়েছে।
এ ব্যাপারে র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান করা হয়। মাদক পাচারকারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে আমরা তাদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।
Design & Developed By: JM IT SOLUTION