মুকসুদপুর প্রতিনিধিঃ
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ” সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবি কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সবার আগে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে গুরুত্ব দিতে হবে। গ্রাম উন্নত হলে দেশও উন্নত হবে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এস. এম. মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল-মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।
এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিআরডিবি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং পল্লী উন্নয়ন কার্যক্রমের আওতাধীন বিভিন্ন ইউনিয়নের সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি মো. সেলিমুজ্জামান এমপি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা হিসেবে চেক ও ক্রেস্ট তুলে দেন।
Design & Developed By: JM IT SOLUTION