টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় সংবাদ সম্মেলন করে নিজের ছেলেকে ত্যাগের ঘোষণা দিয়েছেন আব্দুল ওহাব শেখ নামের এক ব্যক্তি।
গত সোমবার রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গি এলাকার একটি ফার্নিচার দোকানের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন তিনি।আব্দুল ওহাব শেখ (৬৫) উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। ছেলে সজীব শেখের ছাত্রলীগে কোন পদ-পদবী না থাকলেও সঙ্গদোষে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করি। আমার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নং ওয়ার্ডের সভাপতি। কিন্তু আমার ছোট ছেলে সজীব শেখ সঙ্গদোষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছে। কিন্তু তার কোন পদ পদবী নেই।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর জানতে পারি সে ছাত্রলীগের সাথে যুক্ত। অনেক বোঝানোর অনেক চেষ্টা করা হলেও সে কিছুতেই বুঝতে চায় না। তাই আমরা স্বপরিবারে ছেলে সজীব শেখকে ত্যাগ করলাম। এখন থেকে সজীবের কোন কার্যক্রমে আমাদের কোন দ্বায়ভার থাকবে না, তার দায়িত্ব সম্পূর্ণ নিজের। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION