কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড় করতে নিজের বসতঘরের টিনের বেড়া খুলে বিক্রির চেষ্টা করেছেন জলিল খন্দকার নামে এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জলিল খন্দকার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের পশ্চিম দিঘলিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি বেলায়েত খন্দকারের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত।
এলাকাবাসী জানায়, আজ বুধবার বিকেলে মাদকের টাকা জোগাড় করতে ব্যর্থ হয়ে জলিল নিজের ঘরের টিনের বেড়া খুলে ভাঙারির দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় তার স্ত্রী বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন। তার পরিবারে স্ত্রী, মা ও দুই সন্তান রয়েছে।

এ বিষয়ে এলাকার একটি মাদকবিরোধী যুব সংগঠনের সাধারণ সম্পাদক বায়জিদ হোসেন জানান, জলিলকে মাদকের পথ থেকে ফেরাতে তারা বহুবার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কোনো পরামর্শই শোনেননি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তবে এ ঘটনায় জলিল খন্দকার বা তার স্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।
Design & Developed By: JM IT SOLUTION