কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে লক্ষ কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ। পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম আবির্ভাব উৎসব ও মেলা উপলক্ষে গত সোমবার (১৬ মার্চ) রাতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসবে দেশ ও বিদেশ থেকে প্রতিবছর ৫ থেকে ১০ লাখ মতুয়া ভক্ত সমবেত হন। এবছর শ্রীধাম ওড়াকান্দির ভক্ত বিশ্রামস্থলের উদ্যোগে লক্ষ কণ্ঠে শ্রীশ্রী হরিলীলামৃত পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ১০টা ১ মিনিটে সমবেত কণ্ঠে পবিত্র ধর্মীয়গ্রন্থ শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ শুরু হয়। শঙ্খধ্বনি ও হরিবোল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ওড়াকান্দিসহ পুরো এলাকা। এ সময় ভক্ত বিশ্রামস্থল এবং এর বাইরে শ্রীধামে ওড়াকান্দিতে অবস্থানরত সকল ভক্ত তাদের নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে এই পবিত্র গ্রন্থ পাঠ করেন।
সমবেত মতুয়ারা জানান, হরিচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে আত্মশুদ্ধি এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনায় তারা এই সম্মিলিত পাঠে অংশ নিয়েছেন। প্রতি বছর তারা ওড়াকান্দিতে পুণ্য স্নানে যোগ দেওয়ার প্রতীক্ষায় থাকেন। এবার সেখানে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ অনুষ্ঠানটি প্রথম হওয়ায় বিশেষ মাত্রা যোগ করেছে।
ভক্ত বিশ্রামস্থলের উদ্যোক্তা গৌরাঙ্গ মন্ডল বলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই গণ-পাঠ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। লক্ষ কণ্ঠে এই পাঠের মাধ্যমে মতুয়া দর্শনের ভ্রাতৃত্ববোধ ও অহিংসার বাণী ছড়িয়ে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য তারা অনেক আগে থেকেই ব্যাপক প্রচারণা চালিয়েছেন।

লক্ষ কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ অনুষ্ঠানের উদ্যোক্তা রতন মন্ডল বলেন, মানুষের সহযোগিতা ও অবিরাম পরিশ্রমের মাধ্যমে আমরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা সবাই মনে করি, মতুয়া সম্প্রদায়ের মধ্যে এটি একটি ইতিহাস সৃষ্টি করেছে এবং আমরা সবাই ইতিহাসের অংশ হয়ে গেলাম।
আগামীতে, ভক্ত বিশ্রামস্থলের উদ্যোগে এরকম আরো ইতিবাচক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা সাধারণ ভক্তদের।
উল্লেখ্য লাখ লাখ মতুয়াভক্তের অংশগ্রহণে গতকাল সোমবার ( ১৬ মার্চ) থেকে শুরু হয় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে বারুনী স্নান উৎসব ও মেলা। তিথি অনুযায়ী এদিন সকাল ৮টা ৩৭ মিনিটে থেকে শুরু হয়। স্নান চলে আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল পৌনে ৯টা পর্যন্ত। মতুয়াসম্প্রদায়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ মহাবারুনী স্নান উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী মেলা চলবে আগামীকাল বুধবার ( ১৮ মার্চ) বিকেল পর্যন্ত। মেলায় দেশজ,কুটির শিল্প, মৃৎ শিল্প, খেলনা সহ বিভিন্ন খাদ্য ও মিষ্টির দোকান বসেছে। এরআগে, সারা দেশ থেকে লাখ লাখ মতুয়াভক্ত ঢাক, ঢোল বাজিয়ে উলুধ্বনি দিয়ে ঠাকুর বাড়ী আসে। মতুয়া মহাপুরুষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এই স্নান উৎসব হয়ে আসছে দুইশ” বছর আগের থেকে।
Design & Developed By: JM IT SOLUTION