শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্ঞান থেকে জান্নাত, মানুষের মর্যাদার ১০ নিদর্শন সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা স্কুলের শিক্ষার্থীরা গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প ২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা স্কুলের শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১.০৫ এএম
  • ৫ Time View
7

বিশেষ প্রতিনিধিঃ

শিক্ষার পাশাপাশি সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাও যে একজন শিক্ষার্থীর বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ অংশ—সেই বার্তা বাস্তবে তুলে ধরেছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। নিজেদের সহপাঠীদের জন্য সংগ্রহ করা বিভিন্ন উপহার পৌঁছে দেওয়া হয়েছে রাজধানীর উত্তরার একটি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের হাতে। উপহার পেয়ে শিশুদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার বাউনিয়া পূর্ব পাড়ায় ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন পরিচালিত ইগনাইট স্কুলে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এবিজি ও বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে সেখানে অধ্যয়নরত ১১০ জন সুবিধাবঞ্চিত শিশুর জন্য বিভিন্ন ধরনের উপহারসামগ্রী দেওয়া হয়।

উপহারসামগ্রীর মধ্যে ছিল শীতবস্ত্র, খেলনা, গল্পের বই, খাতা, কলম, শিক্ষা উপকরণ, স্কুলব্যাগ, মোজা ও চকোলেটসহ নানা সামগ্রী। এসব হাতে পেয়ে শিশুদের মধ্যে দেখা যায় ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস।

আয়োজনটির উদ্দেশ্য শুধু শিশুদের হাতে কিছু সামগ্রী তুলে দেওয়া নয়; বরং তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং সমাজের অন্য শিশুদের সঙ্গে একটি মানবিক বন্ধন তৈরি করা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত হতে না পারলেও তাদের প্রতিনিধিত্ব করে শিক্ষকরা ইগনাইট স্কুলে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।

শিশুদের হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে কথা বলা, সময় কাটানো এবং আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে আয়োজনটি ভিন্ন মাত্রা পায়। শিশুদের মুখের হাসিই হয়ে ওঠে এ উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি।

এবিজির ভাইস চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহানের পৃষ্ঠপোষকতায় এ মানবিক কার্যক্রম আয়োজন করা হয়। আয়োজকরা জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহানের মানবকল্যাণমূলক কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইগনাইট স্কুলে বর্তমানে ১১০ জন সুবিধাবঞ্চিত শিশু বিনা মূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে। তাদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আনন্দময় শৈশবের সুযোগ তৈরি করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উপহার প্রস্তুত ও পাঠাতে পেরে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও আনন্দিত। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আমায় নূর সাফা বলে, ‘শিশু দিবস উপলক্ষে আমি আমার অন্য স্কুলের বন্ধুদের জন্য বই, ব্যাগ ও পুতুল দিয়েছি, যাতে আমার অন্য স্কুলের বন্ধুরা খুশি হয়।’

একই শ্রেণির শিক্ষার্থী ইরতিজা ইরাম রায়না বলে, ‘আমি অন্য স্কুলের বন্ধুদের জন্য গিফট প্যাকেজ করেছি। এতে আমার অনেক ভালো লেগেছে।’

ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের অপারেশনস ডিরেক্টর ইশরাত জাহান বলেন, ‘এ ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আনন্দের পাশাপাশি তাদের প্রতি সমাজের দায়িত্ববোধেরও প্রকাশ। শিশুদের পাশে দাঁড়ানোর এমন কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা।’

বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ও আয়োজনের সমন্বয়ক নুসরাত নিগার বলেন, ‘শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রীর পাশাপাশি শীতবস্ত্র, খেলনা, গল্পের বই, চকোলেট, মোজা ও স্কুলব্যাগ দেওয়া হয়েছে। বেশি শিক্ষার্থী এবং তাদের পরীক্ষা থাকায় তাদের আনা যায়নি। তাই তাদের প্রতিনিধি হিসেবে আমরা ভালোবাসার নিদর্শন পৌঁছে দিয়েছি।’

তিনি বলেন, শিশুদের কাছ থেকে পাওয়া আন্তরিক অভ্যর্থনা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষার্থীরা যদি ইগনাইট স্কুলের শিশুদের জীবনযাপন, পড়াশোনা ও পরিবেশ কাছ থেকে দেখার সুযোগ পেত, তাহলে তাদের মধ্যে আরও ভালো কিছু করার আগ্রহ তৈরি হতো।

নুসরাত নিগারের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শুধু সহমর্মিতা শেখায় না, শিক্ষার প্রকৃত অর্থ উপলব্ধি এবং মানুষের মধ্যে সম্পর্ক ও সেতুবন্ধ তৈরির গুরুত্বও বুঝতে সহায়তা করে।

বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মনসুর রহমান বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় কর্তৃপক্ষের এমন উদ্যোগ বাস্তবায়নে থাকতে পেরে ভালো লাগছে। এ ধরনের ইতিবাচক মানবিক কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে বলে আমরা প্রত্যাশা করি।’

বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুরক্ষায় সহযোগিতার লক্ষ্য থেকে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে। পাশাপাশি আনভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাবরিনা সোবহানের পৃষ্ঠপোষকতায় আমরা এ ধরনের সেবামূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছি।’

তিনি বলেন, ‘এ কার্যক্রমের প্রথম ভেন্যু হিসেবে ইগনাইট স্কুলকে বেছে নেওয়া হয়। পরিচালনা পর্ষদের সহযোগিতায় ভবিষ্যতে নতুন নতুন ভেন্যুতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও অন্যের প্রতি দায়িত্ববোধ তৈরি করাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে পরিচিত হওয়ার এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলার সুযোগ করে দেয়।’

সংশ্লিষ্টরা বলছেন, একটি উপহার কোনো শিশুর জীবনের সব সীমাবদ্ধতা দূর করতে পারে না। তবে শীতবস্ত্র তাকে শীতের কষ্ট থেকে কিছুটা স্বস্তি দিতে পারে, গল্পের বই তাকে নতুন কল্পনার জগতে নিয়ে যেতে পারে, আর খাতা-কলম তার মনে নতুন স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাতে পারে।

এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, এমন উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের মনে এই অনুভূতি তৈরি করে যে সমাজের অন্য শিশুরাও তাদের কথা ভাবে এবং তাদের আনন্দের অংশীদার হতে চায়। একই সঙ্গে উপহার দেওয়ার মধ্য দিয়ে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যেও গড়ে উঠছে সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ। এভাবেই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের মানবিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছে নতুন প্রজন্ম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION