শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :

দেশ-বিদেশে বাড়ছে এবিজি স্পোর্টস সিটির পরিচিতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২.২৩ পিএম
  • ৪ Time View
6

স্পোর্টস রিপোর্টার:

আন্তর্জাতিক ক্রিকেটের বড় দলগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এবিজি স্পোর্টস সিটি। আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের মাঠ, ইনডোর-আউটডোর ক্রীড়া সুবিধা এবং প্রশিক্ষণ-সহায়ক নানা সুযোগ-সুবিধার কারণে দেশি-বিদেশি ক্রীড়া সংগঠক ও বিশেষজ্ঞদের কাছে ক্রমেই পরিচিত হয়ে উঠছে এই ক্রীড়া কমপ্লেক্স।

সম্প্রতি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের একটি প্রতিনিধিদল এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে। বাংলাদেশের সফরে ইংল্যান্ড দলের সম্ভাব্য প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে স্টেডিয়ামটি বিবেচনায় থাকায় এই পরিদর্শনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

২০১৯ সালে ‘বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স’ নামে এই বিশাল ক্রীড়া প্রকল্পের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘এবিজি স্পোর্টস সিটি’। নাম বদলালেও প্রকল্পটির মূল লক্ষ্য—দেশের ক্রীড়াঙ্গনে আধুনিক ও আন্তর্জাতিক মানের অবকাঠামো তৈরি—অপরিবর্তিত রয়েছে।

ক্রীড়াক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের অন্যতম বড় উদাহরণ হিসেবে এবিজি স্পোর্টস সিটি ইতোমধ্যে আলোচনায় এসেছে। সংশ্লিষ্টদের মতে, দক্ষিণ এশিয়ায় বেসরকারি বিনিয়োগে গড়ে ওঠা পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স হিসেবে এটি বিশেষ গুরুত্ব বহন করছে। অলিম্পিকের বিভিন্ন ডিসিপ্লিনসহ নানা ধরনের খেলার জন্য এখানে রয়েছে আধুনিক সুবিধা।

দেশি-বিদেশি ক্রীড়া বিশেষজ্ঞ ও টেকনিক্যাল প্রতিনিধিরাও বিভিন্ন সময়ে এবিজি স্পোর্টস সিটি পরিদর্শন করেছেন। আউটডোর ও ইনডোর ক্রীড়া সুবিধা, আধুনিক জিমনেশিয়াম, প্রশিক্ষণব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামো দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এবিজি স্পোর্টস সিটির অন্যতম বড় আকর্ষণ আনভীর ক্রিকেট স্টেডিয়াম। এরই মধ্যে এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে। মাঠের উইকেট ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ দল।

এ ছাড়া আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড’। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে স্টেডিয়ামটির পরিচিতিও বাড়ছে। পাশাপাশি একই এলাকায় আরও একটি বড় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। সংশ্লিষ্টদের আশা, ২০২৭ সালের জুনের মধ্যে স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ হবে। এরপর আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মিত ভেন্যু হিসেবে এটি ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।

এবিজি স্পোর্টস সিটির ক্রীড়া অবকাঠামো গড়ে ওঠার পেছনে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ক্রীড়াপ্রেম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে তাঁর উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মনে করেন তারা।

২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস অ্যারেনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সময়ও স্পোর্টস কমপ্লেক্সের অন্যান্য ভেন্যু ভবিষ্যতে আন্তর্জাতিক খেলাধুলায় ব্যবহারের কথা জানিয়েছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এরপর কিংস অ্যারেনায় বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব, এএফসি কাপ এবং বয়সভিত্তিক সাফ নারী ফুটবলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এবার ক্রিকেটেও আন্তর্জাতিক পরিসরে এবিজি স্পোর্টস সিটির ব্যবহার বাড়ছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। মূল সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে দলটি।

এই প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য ভেন্যু পরিদর্শন করতেই চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ইসিবির তিন সদস্যের প্রতিনিধিদল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আসে। তারা মাঠ, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা এবং অন্যান্য অবকাঠামো ঘুরে দেখে।

পরিদর্শনের সময় এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ইসিবির প্রতিনিধিরা আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

মো. ইমরুল হাসান বলেন, ইংল্যান্ডের প্রতিনিধিদল এবিজি স্পোর্টস সিটির সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে প্রশংসা করেছে। নির্ধারিত সময়ে ইংল্যান্ড দল এখানে প্রস্তুতি ম্যাচ খেলবে বলে তারা আশাবাদী।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু মানেই সেটির মালিকানা সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের হতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেট বোর্ডের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন মাঠেও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। ইংল্যান্ডের ওভাল ও লর্ডসের মতো ঐতিহ্যবাহী ভেন্যুর মালিকানাও ক্রিকেট বোর্ডের নয়। বাংলাদেশেও মিরপুর, সিলেট ও চট্টগ্রামের ভেন্যুর মালিক জাতীয় ক্রীড়া পরিষদ।

এ দিক থেকে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সামনে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে আরও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসা স্টেডিয়ামটির আন্তর্জাতিক মানের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ঢাকার কেন্দ্রস্থলে অবস্থান, যোগাযোগব্যবস্থা এবং আধুনিক অবকাঠামোর কারণে এবিজি স্পোর্টস সিটি বাংলাদেশ ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে। দুটি ক্রিকেট স্টেডিয়ামকে কেন্দ্র করে ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচ ও বড় টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাও রয়েছে।

২০২৭ সালের মধ্যে দ্বিতীয় ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হলে এই সম্ভাবনা আরও বাড়বে। বিশেষ করে ২০৩১ সালের বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের বিষয়টি সামনে রেখে বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। ওই বিশ্বকাপ বাংলাদেশ ও ভারত যৌথভাবে আয়োজন করবে। ফলে ঢাকায় আন্তর্জাতিক মানের অতিরিক্ত ভেন্যু থাকা বাংলাদেশের জন্য বড় সুবিধা হতে পারে।

এদিকে ২০২৮ সালের অলিম্পিকেও ক্রিকেট ফিরছে। যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের ১৪ থেকে ৩০ জুলাই অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসে ১২৮ বছর পর ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে। এর আগে ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আট দল নিয়ে অনুষ্ঠেয় এই বাছাইপর্বের ম্যাচ ঢাকায় আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। বর্তমানে ঢাকায় আন্তর্জাতিক ক্রিকেটের প্রধান ভেন্যু মিরপুর। এমন পরিস্থিতিতে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম এবং নির্মাণাধীন নতুন ক্রিকেট স্টেডিয়ামকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া গেলে ঢাকায় বড় টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা অনেকটাই বাড়বে।

বিশেষজ্ঞদের মতে, এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ও নতুন স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতির জন্য আইসিসির কাছে প্রস্তাব দিতে পারে। অনুমোদন পাওয়া গেলে একাধিক ভেন্যুতে খেলা আয়োজন করা সম্ভব হবে। এতে ঢাকায় বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের চাপ কমার পাশাপাশি সময় ও ব্যয়ও সাশ্রয় হতে পারে।

তবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে বিসিবি ও এবিজি স্পোর্টস সিটির মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুধু পেশাদার ক্রিকেট বা ফুটবল নয়, সময়ের সঙ্গে এবিজি স্পোর্টস সিটিকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহও বাড়ছে। বিভিন্ন বয়স ও পেশার মানুষ, ক্রীড়া সংগঠন, ক্লাব, সামাজিক সংগঠন এবং করপোরেট প্রতিষ্ঠান তাদের বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজনের জন্য এই কমপ্লেক্সকে বেছে নিতে আগ্রহ দেখাচ্ছে।

ফলে এবিজি স্পোর্টস সিটি এখন কেবল একটি ক্রীড়া অবকাঠামো নয়; বরং দেশের ক্রীড়া, বিনোদন ও করপোরেট আয়োজনের একটি সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের বড় দলগুলোর আগ্রহ এবং বিদেশি ক্রীড়া বিশেষজ্ঞদের প্রশংসা এই পরিচিতিকে দেশের সীমানার বাইরেও আরও বিস্তৃত করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION