শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

এবিজি মিডিয়া কাপের ফাইনালে ৭৫ লাখ টাকা প্রাইজমানি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১.২২ পিএম
  • ৪ Time View
6

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী ফুটবল উৎসব। অংশগ্রহণকারী দলগুলোর জন্য ম্যাচপ্রতি অর্থপুরস্কার থেকে শুরু করে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি—সবকিছুতেই চমক রেখেছে এবিজি মিডিয়া কাপ ফুটবল। তবে সব আলোচনাকে ছাপিয়ে এবার সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে ফাইনালের প্রাইজমানি। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য মোট ৭৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ এবং রানার্সআপ দল পাবে ২৫ লাখ টাকা।

শনিবার (২৮ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। দেশের মিডিয়া ফুটবলের ইতিহাসে এত বড় অঙ্কের পুরস্কার ঘোষণার পর অনুষ্ঠানস্থলে উপস্থিত ৪৮টি মিডিয়া হাউসের প্রতিনিধি, অধিনায়ক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪৮টি গণমাধ্যম প্রতিষ্ঠান। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল আসর হিসেবে ইতোমধ্যে আলোচনায় এসেছে এবিজি মিডিয়া কাপ। টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার নিয়ে ক্রীড়াপ্রেমী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে যে কৌতূহল ছিল, চূড়ান্ত ঘোষণা আসার মধ্য দিয়ে তার অবসান হলো।

অনুষ্ঠানে পুরস্কার ঘোষণাকালে সায়েম সোবহান আনভীর বলেন, ‘আমার বাবা (আহমেদ আকবর সোবহান) বলেছেন, পুরস্কার দেওয়াতে যাতে কোনো কিপ্টেমি না করি। যারা চ্যাম্পিয়ন হবে, তাদেরটা পরে বলি। যারা রানার্সআপ হবে, তাদের জন্য আমি ২৫ লাখ টাকা ঘোষণা করলাম। অফকোর্স চ্যাম্পিয়ন ইজ আ চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন দলের জন্য আমার বাবার পক্ষ থেকে থাকছে ৫০ লাখ টাকা।’

এ ধরনের আয়োজন ভবিষ্যতেও আরও বড় পরিসরে করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সায়েম সোবহান আনভীর বলেন, ‘আমরা চাই, এই ম্যাচগুলো হোক নতুন কিছুর শুরু। পরের আসর থেকে যেন আরো বড় পরিসরে আয়োজন করতে পারি।’

অনুষ্ঠানে এবিজি মিডিয়া কাপ ফুটবলের ট্রফিও উন্মোচন করা হয়। প্রতিদিন সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজে ব্যস্ত থাকা গণমাধ্যমকর্মীদের জন্য মাঠে নেমে ফুটবল খেলার এমন সুযোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

টুর্নামেন্টের লক্ষ্য ও দর্শন তুলে ধরে এবিজি স্পোর্টস সিটির ডিরেক্টর মো. ইমরুল হাসান বলেন, ‘আজকের এই আয়োজন আমাদের জন্য নিছক একটি জার্সি ও ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা নয়। বরং একটি স্বপ্নের দৃশ্যমান রূপ, একটি নতুন যাত্রার সূচনা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন এক সংযোগের প্রয়াস। আমাদের এবিজি মিডিয়া কাপের মূল দর্শন অত্যন্ত সহজ—কর্মক্ষেত্রের ব্যস্ততা ও প্রতিযোগিতার বাইরে মানুষে মানুষে সম্পর্কের একটি আনন্দময় সেতুবন্ধন তৈরি করা।’

তিনি আরও বলেন, যারা নিয়মিত সমাজের নানা ঘটনা, মানুষের আনন্দ-বেদনা, সাফল্য ও ব্যর্থতার খবর তুলে ধরেন, তাঁদের নিজেদের মধ্যেও আনন্দ-বিনোদন এবং পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের সুযোগ থাকা প্রয়োজন। সেই চিন্তা থেকেই এবিজি মিডিয়া কাপ ফুটবলের আয়োজন করা হয়েছে।

এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪৮টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে ছয়টি করে দল। অনুষ্ঠানে অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে গ্রুপ বিন্যাস ও পূর্ণাঙ্গ ফিকশ্চার চূড়ান্ত করা হয়। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল পরবর্তী পর্বে খেলার সুযোগ পাবে।

টুর্নামেন্টের শুরু থেকেই দলগুলোর জন্য রাখা হয়েছে অর্থপুরস্কার। গ্রুপ পর্বের ১২০টি ম্যাচের প্রতিটিতে বিজয়ী দল পাবে ২৫ হাজার টাকা। পরাজিত দলও পাবে ১০ হাজার টাকা। দ্বিতীয় পর্বের আটটি ম্যাচে জয়ী দলকে দেওয়া হবে ৩৫ হাজার টাকা এবং পরাজিত দল পাবে ১৫ হাজার টাকা।

কোয়ার্টার ফাইনালের চার ম্যাচে বিজয়ী প্রতিটি দল পাবে এক লাখ টাকা করে। এই পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য থাকছে ৫০ হাজার টাকা করে। সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে ফাইনালে জায়গা করে নেওয়া দুই দল পাবে আড়াই লাখ টাকা করে। আর শেষ চারে হেরে যাওয়া দুই দল পাবে দেড় লাখ টাকা করে।

ফাইনালের আগে অনুষ্ঠিত ১৩৪টি ম্যাচের ম্যাচ ফি ও পুরস্কার বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৬০ লাখ টাকা। এর বাইরে শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের বিশেষ পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে ৭৫ লাখ টাকা।

আগামী ১৭ ডিসেম্বর কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবিজি মিডিয়া কাপ ফুটবলের ফাইনাল। শিরোপার লড়াইয়ের দিন দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকবে সেলিব্রেটিদের অংশগ্রহণে দুটি প্রদর্শনী ফুটবল ম্যাচ। এতে অংশ নেবেন বাংলাদেশের পুরুষ ও নারী তারকারা।

দলীয় পুরস্কারের পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি দিতেও থাকছে আকর্ষণীয় অর্থপুরস্কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন দুই লাখ টাকা। এ ছাড়া সেরা সেটপিস, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস—এই চারটি বিভাগে বিজয়ীদের প্রত্যেককে দেওয়া হবে ২৫ হাজার টাকা করে। ক্রীড়াসুলভ আচরণ ও পরিচ্ছন্ন ফুটবলকে উৎসাহিত করতে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫০ হাজার টাকা।

এবিজি মিডিয়া কাপের বিশেষত্ব শুধু ফুটবল মাঠের প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকছে না। টুর্নামেন্ট ঘিরে গণমাধ্যমকর্মীদের তৈরি প্রতিবেদন, ভিডিও কনটেন্ট ও আলোকচিত্রের জন্যও থাকছে উল্লেখযোগ্য পুরস্কার।

টেলিভিশন, সংবাদপত্র, ওয়েব ও মাল্টিমিডিয়া—এই চারটি বিভাগে সেরা প্রতিবেদন ও কনটেন্টের প্রতিটির জন্য পুরস্কার হিসেবে দেওয়া হবে দুই লাখ টাকা। অন্যদিকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে সর্বাধিক দেখা কনটেন্টের প্রতিটির জন্য থাকছে এক লাখ টাকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিযোগিতামূলক কনটেন্টে নির্ধারিত হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগগুলো হলো: #SayemSobhanAnvir, #AnvirBashundharaGroup, #ABGMediaCup2026, #BashundharaCity2 এবং #ABGSportsCity।

এ ছাড়া প্রকাশিত আলোকচিত্রের মধ্য থেকে সেরা ছবির জন্য নির্বাচিত আলোকচিত্রী পাবেন এক লাখ টাকা। প্রতিবেদন, কনটেন্ট ও আলোকচিত্রের পুরস্কারের জন্য অংশগ্রহণকারীদের নিজেদের কাজের লিংক আয়োজকদের কাছে পাঠাতে হবে। আয়োজক কমিটির গঠিত জুরি বোর্ড নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাফসান শাবাব ও আয়শা খান। এতে উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করেন দেশের বিনোদনজগতের একাধিক পরিচিত মুখ। তাঁদের মধ্যে ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক নিরব হোসেন, জিয়াউল রোশান, অভিনেতা আরশ খান, ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত চাষী আলম, শিমুল, মুসাফির সাঈদ বাচ্চু, সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মী ইসলাম নীলা, অভিনেত্রী সামান্থা পারভেজ, অনিন্দিতা মিমি ও মাফতুয়া জান্নাত জিম।

সব মিলিয়ে এবিজি মিডিয়া কাপ ফুটবল কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মীদের এক জায়গায় মিলিত হওয়ার বড় আয়োজন। বিপুল অর্থপুরস্কার, তারকাদের অংশগ্রহণ, ব্যক্তিগত ও দলীয় পুরস্কার এবং গণমাধ্যমের সৃজনশীল কাজের স্বীকৃতির মধ্য দিয়ে এই টুর্নামেন্ট দেশের মিডিয়া ফুটবলে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION