শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অনুমোদন ছাড়াই ক্রুড অয়েল রিফাইনারি স্থাপন: সুপার পেট্রোকেমিক্যালের অবৈধ অপচেষ্টা ও নানা অনিয়ম গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত,বিক্ষুব্ধ জনতার বাসে আগুন ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প প্রিমিয়ার ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবিলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নব্বইয়ের হিন্দি গানে ফিরল সোনালি দিনের স্মৃতি ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী গোপালগঞ্জে একের পর এক ১০ যানবাহনের সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল

অনুমোদন ছাড়াই ক্রুড অয়েল রিফাইনারি স্থাপন: সুপার পেট্রোকেমিক্যালের অবৈধ অপচেষ্টা ও নানা অনিয়ম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬.৫১ পিএম
  • ১০ Time View
13

বিশেষ প্রতিনিধি:

জ্বালানি বাজারে অস্থিরতার সুযোগ নিয়ে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (SPL) অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেসব কারণে সংশ্লিষ্ট সংস্থা তাদের অনুমোদন দিচ্ছে না, তা নিয়ে জ্বালানি সেক্টরে আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে চলেছে। এসব বিষয়ে অনুসন্ধান ও পর্যালোচনা চালিয়ে যা পাওয়া গেছে, তা নিয়ে তৈরি করা হয়েছে বিষয়ভিত্তিক এই প্রতিবেদন।

২০১৩ সাল থেকে কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্ট (Condensate Fractionation Plant) পরিচালনার লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের অনুমোদিত সীমানা পেরিয়ে, কোনো ধরনের পূর্বানুমোদন ছাড়াই একটি ‘ক্রুড অয়েল রিফাইনারি’ (Crude Oil Refining) স্থাপনের চেষ্টা চালাচ্ছে।

যদিও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ইতিমধ্যেই তাদের ক্রুড অয়েল আমদানির আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। তবুও প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রভাব খাটিয়ে লাইসেন্স বা কাজ বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
বিদ্যমান আইন, নীতিমালা এবং জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে এসপিসিএল-কে এই অবৈধ কাজ বা লাইসেন্স না দেওয়ার অকাট্য যুক্তিগুলো পাওয়া গেছে।

কাজের সীমানা লঙ্ঘন: এসপিসিএল শুধু গ্যাস ফিল্ড বা আমদানিকৃত কনডেনসেট প্রক্রিয়াজাত করার লাইসেন্সপ্রাপ্ত। ‘কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্ট নীতিমালা, ২০১৪’-এর ধারা ১.১ ও ১.৪ অনুযায়ী, এই লাইসেন্সের অধীনে কোনোভাবেই ক্রুড অয়েল রিফাইনারি স্থাপন বা বড় করার সুযোগ নেই।

খোলা বাজারে বিক্রির নিষেধাজ্ঞা: নীতিমালার ধারা ৮(ঙ) অনুযায়ী, এই প্লান্টে উৎপাদিত পরিশোধিত পণ্য সরাসরি খোলা বাজারে বিক্রি করা সম্পূর্ণ নিষেধ। যে প্রতিষ্ঠান শুরু থেকেই আইন ভেঙে খোলা বাজারে পণ্য বিক্রির অপচেষ্টায় লিপ্ত, তাদের নতুন কোনো বড় কাজ বা রিফাইনারির অনুমোদন দেওয়া নীতিবিরোধী।

অনুমতি ছাড়াই অবকাঠামো নির্মাণ: ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন নীতিমালা-২০২৩’-এর নিয়ম অনুযায়ী, রিফাইনারি স্থাপনের জন্য অবকাঠামো তৈরি বা যন্ত্রপাতি আমদানির আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। অথচ এসপিসিএল সম্পূর্ণ বেআইনিভাবে কোনো অনুমতি ছাড়াই রিফাইনারির অবকাঠামো ও যন্ত্রপাতি এনে ফেলেছে।

আমদানির আইনি ভিত্তি নেই: বৈধ রিফাইনারি লাইসেন্স ছাড়া কেউ ক্রুড অয়েল আমদানি করতে পারে না (নীতিমালার ধারা ৭ ও ৭.১)। পুরোনো ফ্র্যাকশনেশন প্লান্টের লাইসেন্সকে ঢাল বানিয়ে ক্রুড অয়েল আমদানির কোনো আইনি সুযোগ নেই।

সংবেদনশীল খাতে অবৈধ হস্তক্ষেপ: জাতীয় শিল্পনীতির ধারা ৩.২.১৫ এবং পরিশিষ্ট-৭ অনুযায়ী ‘ক্রুড অয়েল রিফাইনারি’ অত্যন্ত সংবেদনশীল এবং সরকারের কঠোর নিয়ন্ত্রণে থাকা একটি শিল্পখাত। এই খাতে যেকোনো বিনিয়োগ বা যন্ত্রপাতি আমদানির আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র নেওয়া বাধ্যতামূলক।

বিডা (BIDA)-এর অনুমোদনের তোয়াক্কা না করা: এটি একটি নিয়ন্ত্রিত খাত হওয়ায় জ্বালানি বিভাগের অনুমতি ছাড়া বিডা বা অন্য কোনো সংস্থার পক্ষে এই খাতের যন্ত্রপাতি আমদানির অনুমতি দেওয়ার আইনগত কোনো এখতিয়ার নেই। তাই এসপিসিএল-এর প্রভাব খাটিয়ে কাজ হাসিলের চেষ্টা পুরোপুরি অবৈধ।
আমদানি আইনের লঙ্ঘন: ‘কাস্টমস আইন, ২০২৩’ এবং আমদানি ও রপ্তানি (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫০ অনুযায়ী পূর্বানুমোদন ছাড়া নিয়ন্ত্রিত কোনো পণ্য আমদানি করা সম্পূর্ণ নিষিদ্ধ।

মিথ্যা ঘোষণা ও তথ্য গোপন: সাধারণ শিল্প বা ফ্র্যাকশনেশন প্লান্টের কথা বলে ক্রুড অয়েল রিফাইনারির যন্ত্রপাতি আমদানি করা কাস্টমস আইন অনুযায়ী পরিষ্কার ‘অসত্য ঘোষণা’ (Misdeclaration) এবং একটি দণ্ডনীয় অপরাধ। এই ধরনের পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তযোগ্য এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।

জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে: একটি দেশের জ্বালানি খাত তার সার্বভৌমত্ব ও নিরাপত্তার মূল স্তম্ভ। সরকারের কঠোর নিয়ন্ত্রণ ছাড়া এমন রিফাইনারি গড়ে উঠলে দেশের জ্বালানি সরবরাহ এবং কৌশলগত মজুদের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ হুমকির মুখে পড়বে।

রাজস্ব ফাঁকি ও অবৈধ বাজারের ঝুঁকি: গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে জ্বালানি বিভাগের চিঠিতে এসপিসিএল-এর আবেদন পরিষ্কারভাবে নামঞ্জুর করা হয়েছে। এর পরেও প্রভাব খাটিয়ে কাজ আদায় করতে দিলে দেশে শুল্ক ফাঁকি এবং একটি অবৈধ জ্বালানি বাজার গড়ে ওঠার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে।

সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (SPL) সম্পূর্ণ বেআইনিভাবে কোনো লাইসেন্স বা অনুমোদন ছাড়াই রিফাইনারি স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব, জ্বালানি নিরাপত্তা, আইনের শাসন এবং প্রচলিত কাস্টমস ও আমদানি আইন রক্ষা করতে হলে এসপিসিএল-এর এই অন্যায্য দাবি কোনোভাবেই মেনে নেওয়া বা তাদের অনুকূলে কাজটি বরাদ্দ দেওয়া উচিত নয়। বরং তাদের এই অবৈধ কার্যক্রম অবিলম্বে বন্ধ করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়াটাই বর্তমান সময়ের একমাত্র সঠিক সিদ্ধান্ত। এমনই মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION