শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ৫টি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি ক্রীড়ার বহুমাত্রিক আয়োজনে মুখর বসুন্ধরা স্পোর্টস সিটি বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে বদলাবে ২০ নারীর জীবন ক্রেতাদের আগ্রহে এক ঘণ্টা বাড়ল আইসিসিবির কার বাজারের সময় গোপালগঞ্জে গ্যাস সিলিন্ডার ডিলারকে ২ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ভ্যানচালক নিহত ডিজিটাল সেবার পথে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি, উদ্বোধন নতুন অফিস টুঙ্গিপাড়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’ উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে বদলাবে ২০ নারীর জীবন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১.৫১ পিএম
  • ২ Time View
3

ময়মনসিংহ প্রতিনিধিঃ

নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক সংকটে পাশে দাঁড়ানোর স্বপ্ন মরিয়ম আক্তার রিয়ার। গৌরীপুরের স্থানীয় একটি মাদরাসায় আলিম পড়ছেন তিনি। বাবা কৃষক, মা গৃহিণী। কৃষিকাজের সীমিত আয়ে সংসারের ব্যয় মেটানো যেখানে কঠিন, সেখানে পড়াশোনার পাশাপাশি আয় করে পরিবারকে সহযোগিতা করার ইচ্ছা থেকেই সেলাই শেখার উদ্যোগ নেন রিয়া।

তিন মাসের প্রশিক্ষণ শেষে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন সুযোগ পেয়েছেন তিনি। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে একটি সেলাই মেশিন। এখন পড়াশোনার পাশাপাশি ঘরে বসে সেলাইয়ের কাজ করে আয় করার সুযোগ তৈরি হয়েছে তাঁর। পরিবারের দায়িত্ব ভাগ করে নেওয়ার পাশাপাশি নিজের ভবিষ্যৎও গড়ে তুলতে পারবেন বলে আশাবাদী রিয়া।

রিয়ার মতো কাকলী রানী দাসের জীবনেও এই সেলাই মেশিন এসেছে নতুন আশার বার্তা নিয়ে। মা-বাবাকে হারিয়েছেন তিনি। পাঁচ ভাই-বোনের পরিবারে একজন ছাড়া বাকি সবাই বেকার। দীর্ঘদিন ধরে অভাব-অনটনের সঙ্গে লড়াই করে আসা কাকলীর জন্য ঘরে বসে কাজ করে আয় করার সুযোগটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসুন্ধরা গ্রুপের দেওয়া সেলাই মেশিনের মাধ্যমে নিজের ও পরিবারের প্রয়োজন মেটাতে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারবেন তিনি।

মরিয়ম ও কাকলীর জীবনের গল্প আলাদা হলেও তাঁদের প্রত্যাশা এক—অভাবের কাছে পরাজিত না হয়ে নিজের শ্রম ও দক্ষতার মাধ্যমে ভবিষ্যৎকে বদলে দেওয়া। তিন মাসের প্রশিক্ষণের পর হাতে পাওয়া সেলাই মেশিন তাঁদের সেই স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন একটি দরজা খুলে দিয়েছে।

সম্প্রতি গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে জীবনসংগ্রামে এগিয়ে চলা ২০ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন ও একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। সেলিম আল রাজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শংকর ঘোষ পিলু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নন্দিত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও শুভসংঘ প্রধান ইমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহম্মদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমান, সাবেক আহ্বায়ক রইছ উদ্দিন, নান্দাইলের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুল হাসান কামু, গৌরীপুর লেখক সংঘের সাধারণ সম্পাদক পলাশ আজহারসহ আরও অনেকে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার উদ্যোগটি সময়োপযোগী। একটি সেলাই মেশিন একজন নারীর আত্মনির্ভরতার হাতিয়ার হয়ে উঠতে পারে। এর মাধ্যমে তাঁরা ঘরে বসে আয় করার সুযোগ পাবেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে অবদান রাখতে পারবেন। নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার এ ধরনের উদ্যোগ সমাজের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, অসচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার উদ্যোগটি মহৎ ও প্রশংসনীয়। একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, এটি একজন নারীর নিজের পায়ে দাঁড়ানোর এবং পরিবারের পাশে থাকার সুযোগ তৈরি করে। প্রশিক্ষণের পর তাঁদের হাতে মেশিন তুলে দেওয়ায় উদ্যোগটি আরও অর্থবহ হয়েছে।

প্রধান অতিথি ইমদাদুল হক মিলন বলেন, দরিদ্র পরিবারের নারীদের স্বাবলম্বী করে তুলতে শুধু সেলাই মেশিন দেওয়া নয়, এর মাধ্যমে তাঁদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করা হচ্ছে। প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ পেলে একজন নারী যেমন নিজের পরিবারের জন্য আয় করতে পারেন, তেমনি সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বসুন্ধরা শুভসংঘ মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিকতার শিক্ষা দেয়।

সেলাই প্রশিক্ষণ শেষে মেশিন হাতে পাওয়া ২০ নারীর জন্য এ উদ্যোগ তাই কেবল একটি উপহার পাওয়ার ঘটনা নয়; বরং দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করার এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তোলার একটি নতুন সম্ভাবনার সূচনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION