টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪৯টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দ করা নিষিদ্ধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের বাঘিয়ার বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম জানান, উপজেলার বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ ও ক্ষতিকর চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঘিয়ার বিলে অভিযান চালানো হয়।
অভিযানকালে বিল থেকে ৪৯টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ২৫০ মিটার। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা। অভিযান শেষে জব্দকৃত অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ইউএনও আরো বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা এবং জলজ জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জলাশয়ে অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য আইন মেনে চলতে জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন করা হচ্ছে। অভিযানকালে টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছের পোনা ও ছোট মাছ নির্বিচারে ধরে ফেলছে। এতে দিন দিন বিলের দেশীয় মাছের সংখ্যা কমে যাচ্ছে। দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
Design & Developed By: JM IT SOLUTION