কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামে পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী মোর্শেদ শেখ এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছেন পুকুরের মালিক নাসির উদ্দিন ফকির।
পুকুরে চাষ করা কই মাছ মারা গিয়ে পচে ভেসে উঠছে। এতে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। পুকুর মালিকের দাবি, সেখানে চাষ করা প্রায় দুই লাখ প্রাপ্তবয়স্ক কই মাছের মধ্যে ৮০ শতাংশই মারা গেছে।
নাসির উদ্দিন ফকিরের ছেলে সাজ্জাদ ফকির জানান, গত বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মোর্শেদ শেখ একটি পলিথিনের প্যাকেট থেকে বিষাক্ত ট্যাবলেট পুকুরে ছুড়ে ফেলেন। বিষয়টি দেখে তিনি মোর্শেদকে আটকানোর চেষ্টা করলে তাকে ঘুষি মেরে পালিয়ে যান বলে অভিযোগ করেন সাজ্জাদ।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসেন। সাজ্জাদের দাবি, মোর্শেদ যে পলিথিনের প্যাকেটটি ফেলে গিয়েছিলেন, সেটি পরীক্ষা করে তারা বিষাক্ত পদার্থের আলামত দেখতে পান।
প্রতিবেশী সুমন ফকির বলেন, সাজ্জাদ ফকিরের সঙ্গে মোর্শেদের বাকবিতণ্ডার শব্দ শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখানে মোর্শেদের ফেলে যাওয়া পলিথিনের প্যাকেট নাকের কাছে নিয়ে তিনি বিষাক্ত পদার্থের গন্ধ পেয়েছেন বলে দাবি করেন। তার ভাষ্য, ঘটনার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে পুকুরে অসংখ্য মাছ মরে ভেসে উঠতে দেখা যায়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মোর্শেদ শেখ। তার দাবি, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By: JM IT SOLUTION