কালের খবর ডেক্সঃ
বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য দেশি-বিদেশি চক্রান্ত ছিল বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পৌর মাল্টিপারপাস সুপারমার্কেটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসএম জিলানী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর বাঙালি জাতিকে পরিকল্পিতভাবে মেধাশূন্য করে দেওয়ার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল। কারণ, একটি জাতিকে যদি মেধাশূন্য করে দেওয়া যায়, তাহলে একটি রাষ্ট্র আমাদের ওপর মোড়লগিরি করতে পারবে। আমরা যদি শিক্ষিত হয়ে উন্নত জাতিতে পরিণত হই, তাহলে অনেকেই তাদের মোড়লগিরি মানবে না।’
তিনি বলেন, ‘আগে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হতো,শিক্ষার্থীরা খাতায় লিখুক বা না লিখুক, তাকে পাস করিয়ে দিতে হবে। যার ফলশ্রুতিতে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত না। তবে বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার সেই ধারা থেকে বের হয়ে আসছে।’
গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এমপি জিলানী বলেন, ‘দীর্ঘ ১৭ বছরে আমাদের দেশে যে বিদ্যুৎকেন্দ্রগুলো তৈরি করা হয়েছে, সেগুলো গ্যাসভিত্তিক। আমদানি করা গ্যাস দিয়েই এসব বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করতে হয়। অথচ দেশের অভ্যন্তরে থাকা গ্যাস উত্তোলনের জন্য ন্যূনতম কোনো পরীক্ষা বা সমীক্ষা করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘গ্যাস-বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শুধুমাত্র পার্শ্ববর্তী একটি রাষ্ট্রকে সুবিধা দেওয়ার জন্য এ ধরনের কার্যক্রম করা হয়েছে।’
জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুৎ সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ইতোমধ্যে এ সমস্যার স্থায়ী সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের এসব সমস্যার সমাধান হবে।’
এর আগে টুঙ্গিপাড়া উপজেলার প্রাথমিক, জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মোট ১৪৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানী।
অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক কুলোদানন্দ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল বশার খায়ের, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম এবং বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবিরসহ অনেকে।
Design & Developed By: JM IT SOLUTION