কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জে ইমাম রেজা (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, তাকে হত্যা করে পরিত্যক্ত একটি ঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে বলেও দাবি করেছেন তার স্বজনরা।আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ।
ইমামের বাড়ি বরিশাল জেলায় হলেও সে সদর উপজেলার উলপুর পূর্বপাড়া গ্রামে মামার বাড়ির এলাকায় মায়ের সঙ্গে থাকত। তার বাবার নাম জহিরুল মৃধা। ইমাম গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ছিল।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পরিদর্শক শফিউল আলম।
Design & Developed By: JM IT SOLUTION