কোটালীপাড়ায প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুর থেকে মিরাজুল ইসলাম খলিফা (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার সকালে কোটালীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আতিয়ার শেখের পুকুর থেকে কোটালীপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত মিরাজুল ইসলাম খলিফা শিমুলবাড়ি গ্রামের লাল মিয়া খলিফার ছেলে। তিনি দুই সন্তানের জনক।মিরাজুল ইসলামের বোন নুপুর বেগম জানান, তাঁর ভাই মিরাজুল ইসলাম খলিফা দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা না দিলে তিনি পরিবারের সদস্যদের মারধর ও ঘরবাড়ি ভাঙচুর করতেন। গত শুক্রবার দুপুরে মায়ের কাছ থেকে অনেক ঝগড়াঝাটি করে ২০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। রাতে আর বাড়িতে ফেরেননি।আজ শনিবার (১৯ সেপ্টেম্বর)সকালে এলাকাবাসী বাড়ির পাশের পুকুরে মিরাজুলের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নুপুর বেগম আরও জানান, মাদকসেবনের কারণে প্রায় এক বছর আগে মিরাজুলের সঙ্গে তাঁর স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। মিরাজুলের দুই সন্তান রয়েছে। সন্তানরা বর্তমানে তাঁর মায়ের কাছে থাকে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, মিরাজুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এ ছাড়া এলাকাবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মিরাজুল ইসলামের মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Design & Developed By: JM IT SOLUTION