কালের খবর ডেক্সঃ
আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস এবং ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল থেকেই গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেন। পাশাপাশি জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্যদের সমন্বয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলার গুরুত্বপূর্ণ সড়ক, পাড়া মহল্লার মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, যৌথ টহল এবং চেকপোস্ট পরিচালনার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে জেলা পুলিশের পাশাপাশি আট প্লাটুন এপিবিএন, পাঁচ প্লাটুন বিজিবি এবং পাঁচ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) মাঠে দায়িত্ব পালন করছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যৌথ টহল, তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত দায়িত্ব পালন করবে।
Design & Developed By: JM IT SOLUTION