টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেলসহ অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় ওই গ্যারেজ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার (১১ আগষ্ট) রাতে টুঙ্গিপাড়া এলাকার ওই গ্যারেজ থেকে আটক করা হয়।আজ বুধবার (১২ আগষ্ট) দুপুরে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন—গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের কাইয়ুম শরীফের ছেলে সোহেল শরীফ ও এয়ার আলী সরদারের ছেলে শিমুল সরদার।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা পুলিশ সূত্রে জানাগেছে, সম্প্রতি বন্দর থানায় একটি মোটরসাইকেল হারানোর বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর মোটর সাইকেলটির সন্ধানে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান চালিয়ে পুলিশ নিশ্চিত হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাধীন একটি মোটরসাইকেল গ্যারেজে চোরাই মোটর সাইকেল নিয়ে কাজ করানো হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বন্দর থানা পুলিশ টুঙ্গিপাড়া থানা পুলিশের সহযোগিতা চায়। পরে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুলের সহযোগিতায় বন্দর থানার পরিদর্শক (ইন্সপেক্টর) শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্যারেজে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে সোহেল শরীফ ও শিমুল সরদারকে আটক করা হয়। পরে গ্যারেজে থাকা দুটি FZS V3 মডেলের মোটর সাইকেলের বিষয়ে তারা যাচাই-বাছাই করে নিশ্চিত হন এগুলো চোরাইকৃত মোটর সাইকেল। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় ৩৭৯ পেনাল কোড ধারায় নিয়মিত মামলা দায়েরের করা হয়েছে। মামলা নং-০৫, তারিখ -১১/০৮/২০২৬।
পুলিশের দাবি, প্রাথমিক অনুসন্ধানে সোহেল শরীফের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি এবং চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
বন্দর থানার পরিদর্শক (ইন্সপেক্টর) শাহাবুদ্দিন বলেন, আমাদের থানায় মোটরসাইকেল হারানোর বিষয়ে একটি জিডি করা হয়েছিল। ওই জিডির সূত্র ধরে আমরা মোটরসাইকেলটির সন্ধান করতে থাকি। একপর্যায়ে জানতে পারি, টুঙ্গিপাড়ার একটি গ্যারেজে চোরাই মোটরসাইকেল নিয়ে কাজ করানো হচ্ছে। পরে টুঙ্গিপাড়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে দুজনকে দুটি মোটরসাইকেলসহ আটক করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION