টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
যে সন্তানদের মানুষ করতে জীবনের সবটুকু শ্রম আর ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন, জীবনের শেষ প্রান্তে এসে সেই সন্তানদের অবহেলা ও নির্যাতনের শিকার হয়ে আজ পথে পথে ভিক্ষা করে বেঁচে থাকার অভিযোগ তুলেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ৯৭ বছর বয়সী এক অন্ধ বৃদ্ধ আব্দুস সালাম। নিজের ভরণপোষণ নিশ্চিত করা এবং সন্তানদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী আব্দুস সালাম টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর তিন ছেলে ও চার মেয়ে রয়েছে। ছেলেরা সবাই আয়-রোজগার করলেও কেউ তাঁর ভরণপোষণের দায়িত্ব পালন করেন না। বড় ছেলে অলী বিশ্বাসের প্ররোচনায় অন্য ছেলেরাও তাঁর প্রতি উদাসীন হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন তিনি।
বৃদ্ধের দাবি, বয়সের ভারে কর্মক্ষমতা হারিয়ে ফেলায় জীবিকার তাগিদে বাধ্য হয়ে তাঁকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতে হচ্ছে। সামান্য খাবার বা পরনের কাপড় চাইলে ছেলেরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন, এমনকি শারীরিক নির্যাতনও চালান। অভিযোগে আরও বলা হয়, তাঁর ব্যবহৃত কাঁথা-কম্বলেও আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।
অসহায় এই বৃদ্ধ বলেন, জীবনের শেষ সময়ে তিনি চরম মানবেতর জীবনযাপন করছেন। তাই আইন অনুযায়ী সন্তানদের কাছ থেকে ভরণপোষণ নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
স্থানীয়দের ভাষ্য, একসময় পরিবারের সুখ-সমৃদ্ধির জন্য নিরলস পরিশ্রম করা এই মানুষটি আজ অবহেলা আর অসহায়ত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তাঁদের মতে, ঘটনাটি শুধু একটি পরিবারের সংকট নয়; এটি সমাজে বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বড় ছেলে অলী বিশ্বাস সাংবাদিকদের কাছে অভিযোগের কিছু সত্যতা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, তিন ভাইয়ের মধ্যে মেজো ভাই তাঁদের বাবা-মায়ের কোনো খোঁজখবর নেন না। কেন নেন না, সে বিষয়ে বাবার কাছে মেজো ছেলেরেএই আচরনের কারণ জানতে চান তিনি। তাঁর ভাষ্যমতে বাবা কখনো মেজো ছেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বা কিছু বলেননি। এ কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সমাজে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বৃদ্ধ বয়সে বাবা-মায়ের ভরণপোষণ নিশ্চিত করা শুধু নৈতিক দায়িত্বই নয়, বাংলাদেশের প্রচলিত আইনেও সন্তানের ওপর সেই দায়িত্ব অর্পিত হয়েছে। অথচ আব্দুস সালামের মতো অনেক প্রবীণ এখনও আপনজনের অবহেলায় অসহায় জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। তাঁর অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের পাশাপাশি সমাজে প্রবীণদের প্রতি দায়িত্বশীল ও মানবিক আচরণ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
Design & Developed By: JM IT SOLUTION