কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে| মানবিক সংগঠন আস-সাদাকা ফাউন্ডেশন-এর নিজস্ব তহবিল থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।আজ রবিবার (১২ জুলাই) সকালে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক|আস-সাদাকা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস. এম. মহিউদ্দিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, ইসলামপুর ভবানীপুর মাদ্রাসার প্রধান মুফতি মাসুদুর রহমান, খাদেমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মর্তুজা হাসান, কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মান্নান শেখ, রাজিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসার মুহতামিম কারি বশির বিন শামসুদ্দিন বক্তব্য রাখেন।

এসময় আস-সাদাকা ফাউন্ডেশনের সদস্য হাফেজ রুহুল আমিন, মোঃ মাসুদুর রহমান, নাহিদ হাসান, তামিম শেখ, মারুফ শেখ, অহিদুল শেখ, তাজিম শেখ ও সাব্বির শেখ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।আস-সাদাকা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস. এম. মহিউদ্দিন উদ্দিন বলেন, মানবসেবা একটি মহান ইবাদত। সমাজের অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আস-সাদাকা ফাউন্ডেশন ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানের প্রধান অতিথি কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, আস-সাদাকা ফাউন্ডেশনের মানবিক কাজ করছে। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো যদি অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়ায়, তবে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন করা সম্ভব হবে। #
Design & Developed By: JM IT SOLUTION