কালের খবর ডেক্সঃ
বিনা উদ্ভাবিত ফসলের উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতসমূহের পরিচিতি এবং চাষাবাদ কলাকৌশল শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে বিনা উপকেন্দ্র, গোপালগঞ্জ এ প্রশিক্ষণের আয়োজন করে।আজ শনিবার (২০ জুন) দুপুরে বিনা উপকেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাকসুদা ইয়াসমিন।
বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জ-এর উপপরিচালক মো. মামুনুর রহমান, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুবুল আলম তরফদার এবং উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান বক্তব্য রাখেন।এ কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন। প্রশিক্ষণে প্রশিক্ষকরা বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ফসলের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এসব ফসল চাষাবাদে কৃষকদের উৎসাহিত করেন।

প্রধান অতিথি যুগ্ম সচিব মাকসুদা ইয়াসমিন বলেন, বিনা বাংলাদেশে ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিনার উদ্ভাবিত ফসল চাষাবাদ করে কৃষকরা, বিশেষ করে লবণাক্ত এলাকার কৃষকরা, উপকৃত হচ্ছেন। এতে দেশে ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কৃষকদের উচিত বিনার কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বিনা উদ্ভাবিত ফসল চাষাবাদ করা।বিনা গোপালগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, বিনার উদ্ভাবিত ফসলের জীবনকাল খুবই কম। ফলে কৃষকরা একই জমিতে বছরে বিভিন্ন সময়ে চারটি পর্যন্ত ফসলের আবাদ করতে পারেন। এতে কৃষকরা যেমন লাভবান হন, তেমনি দেশে ফসলের উৎপাদনও বৃদ্ধি পায়। বিনার উদ্ভাবিত ফসল চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION