কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় শাহিদ মাতুব্বর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহত শাহিদ মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার উত্তর কান্দি গ্রামের রুস্তম মাতুব্বরের ছেলে।আহতরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার দফা গ্রামের মোঃ আলী ফকিরের ছেলে মোঃ এমদাদুল ফকির (৩২) এবং একই জেলার সালথা উপজেলার ইউসুফদিয়া গ্রামের নুরু মোল্লার ছেলে সেকেন্দার মোল্লা (৩২)।
আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, আজ বুধবার সকাল সাড়ে ৫টার দিকে পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি অজ্ঞাতনামা দ্রুতগামী যানবাহন একটি নসিমনকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই নসমনযাত্রী একজনের মৃত্যু হয়। পরে পথচারীরা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আমিনুল ইসলাম জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION