মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মালবাহী পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাসুদ সেখ (৩৫) নামে এক পিকআপ হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালক আহত হয়েছেন।আজ মঙ্গলবার (৯জুন)সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ সেখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পোলট্রি ফিড নিয়ে খুলনাগামী একটি ট্রাক এবং খুলনা থেকে ইজিবাইকের যন্ত্রাংশ নিয়ে ঢাকাগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও পিকআপ সড়কের ওপর উল্টে যায়। পিকআপের হেলপার মাসুদ সেখ গুরুতর আহত হন।পরে মুকসুদপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই সোহেল মিয়া গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার ফলে পিকআপের হেলপার গাড়ির ভেতরে আটকা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যান।তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION