কালের খবরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানান।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন বলেন, কেন্দ্রীয় যুবদলের নতুন এই কমিটি তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা আশা করি, এ কমিটির নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।
সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ বলেন, তারেক রহমানের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক দর্শন বাস্তবায়নে যুবদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে। নতুন কমিটি দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজকে আরও বেশি সম্পৃক্ত করবে।কর্মসূচিতে গোপালগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব বেলাল হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাবেক দপ্তর সম্পাদক রাজু বিশ্বাস, সাবেক কোষাধ্যক্ষ নুরুল আমিনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION